কাউনিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) গত সোমবার ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে কাউনিয়া থানায় এক তরুণের (২৮) বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে ওই তরুণকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ, এলাকার কয়েকজন বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী সোমবার বেলা একটার দিকে টিফিনের বিরতিতে বাড়ি যাচ্ছিল। এ সময় ওই তরুণ তাকে রাস্তায় একা পেয়ে মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে বিদ্যালয়ের পাশের একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে হাত-মুখ বেঁধে ছাত্রীটিকে তিনি ধর্ষণ করেন। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে তার মা-বাবাকে এ ঘটনা জানায়।
ছাত্রীর বাবা বলেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর সোমবার রাতেই ওই তরুণের আত্মীয়স্বজন ও স্থানীয় একটি প্রভাবশালী মহল তাঁদের সঙ্গে যোগাযোগ করে। তারা ঘটনাটি থানা-পুলিশকে না জানাতে ভয়ভীতি দেখায়। মীমাংসার জন্য চাপ দেয়।
মামলার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। আগামীকাল (আজ) বুধবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হবে। গ্রেপ্তার করা আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।