চট্টগ্রামে ককটেলের বিস্ফোরণে পুলিশ আহত হওয়ার ঘটনায় চান্দগাঁও এলাকার কাউন্সিলর, ছাত্রদলের নেতাসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকেও মামলায় আসামি করা হয়েছে। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
গত বুধবার রাতে চান্দগাঁওয়ে দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তের ছোড়া ককটেল হামলায় তিন পুলিশ আহত হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ প্রথম আলোকে বলেন, পুলিশ সদস্যদের ওপর ককটেল ছোড়ার ঘটনায় চান্দগাঁওয়ের ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম, ছাত্রদল নেতা সালাউদ্দিন, মো. জাহিদ, আরিফসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকে আসামি করে মামলা হয়েছে। চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নাসিম হোসেন বাদী হয়ে বুধবার রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেছেন।
তবে মামলার বিষয়ে বিএনপি-সমর্থক ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম দাবি করেছেন, কারা ককটেল হামলা চালিয়েছে, তা জানেন না তিনি। হয়রানি করতেই তাঁকে মামলায় জড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
আহত পুলিশ সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।