এক কোটি টাকার চেক জালিয়াতি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ১ কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
গত সোমবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশিদ এ দণ্ড দেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রায়ের কপি হাতে পান বাদীপক্ষের আইনজীবী আওলাদ হোসেন। আইনজীবী আওলাদ জানান, ব্যবসায়িক প্রয়োজনে বাদী মফিজুল ইসলামের কাছে আসামি আলমগীর এক কোটি টাকা দেনা হন। বাদী ওই পাওনা টাকা চাইলে কাউন্সিলর আলমগীর ২০১৪ সালের ১২ জানুয়ারি কমার্শিয়াল ব্যাংক অব সিলন নারায়ণগঞ্জ শাখার এক কোটি টাকার একটি চেক দেন। বাদী চেকটি ইসলামী ব্যাংক নারায়ণগঞ্জ শাখায় জমা দিলে তা ডিজঅনার হয়। পাওনা টাকা যথাসময়ে না পেয়ে বাদী নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন।