কাউন্সিলর প্রার্থী হত্যার পরিকল্পনার অভিযোগে পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দুই কাউন্সিলর পদপ্রার্থীকে হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে পাঁচজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সাগর হোসেন (২৪), মো. এমদাদ হোসেন (৩৬), দেলোয়ার হোসেন (২৪), চান মিয়া (৪৫) ও আলামিন (২৩)। তাঁদের কাছ থেকে ভারতের তৈরি তিনটি পিস্তল, একটি চাপাতি, ২০টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল বুধবার ভোরে পুরান ঢাকার সদরঘাটের ওয়াইজঘাট এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী দলের নেতা সাগর ও তার সহযোগী আলামিন ওরফে আকাশকে গ্রেপ্তার করে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে এমদাদ, দেলোয়ার হোসেন ও চান মিয়াকে যাত্রাবাড়ীর গোলাপবাগ থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী ও কোতোয়ালি থানায় তিনটি পৃথক মামলা করা হয়েছে।
যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, এমদাদ, দেলোয়ার হোসেন ও চান মিয়া জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশকে বলেছেন, তাঁরা অবৈধ অস্ত্র ব্যবসায়ী। চাঁপাইনবাবগঞ্জ থেকে সাগরের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে ঢাকায় এসেছিলেন। তাঁদের তথ্যের ভিত্তিতেই সাগর ও আলামিনকে গ্রেপ্তার করেছে ডিবি।
মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে ঢাকায় অবৈধ অস্ত্রের চাহিদা ও দাম বেড়েছে। পুরান ঢাকার দুই কাউন্সিলর পদপ্রার্থীকে হত্যার লক্ষ্য ছিল তাঁদের—এমন তথ্য আছে ডিবির কাছে। সাগর হোসেন পুরান ঢাকায় ‘ডাকাত সাগর’ নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি, খুন, চাঁদাবাজি ও অস্ত্র আইনে আটটি মামলা রয়েছে।