কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে কলাপাড়ার কুয়াকাটা পৌরসভায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় মারধরের শিকার হয়েছেন তাঁর তিন সমর্থক। আহত প্রার্থীকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত কাউন্সিলর প্রার্থীর নাম আলী আক্কাস হাওলাদার (৩৫)। তিনি কুয়াকাটা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে কয়েকজন সমর্থককে নিয়ে আলী আক্কাস এক নম্বর ওয়ার্ডের মংথে পাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে যান। এ সময় স্থানীয় কয়েক যুবক অতর্কিতে তাঁদের ওপর হামলা চালান। ওই যুবকদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আলী আক্কাস। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে মারধরের শিকার হন তাঁর তিন সমর্থক আল আমীন হাওলাদার, জাফর হাওলাদার ও ধলু হাওলাদার।
আলী আক্কাসের অভিযোগ: কুয়াকাটা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল বারেক মোল্লা এবং এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থী হাবিব শরীফ ও জুয়েল জমাদ্দারের নির্দেশে তাঁদের ওপর এ হামলা চালানো হয়।
যদিও আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল বারেক মোল্লা এ অভিযোগ অস্বীকার করে বলেন, এ হামলার খবর তিনি জানেন না এবং কোথায় হয়েছে, তাও বলতে পারবেন না।
এ ছাড়া দুই কাউন্সিলর প্রার্থী হাবিব শরীফ ও জুয়েল জমাদ্দারও ওই অভিযোগ অস্বীকার করেন। নিজেদের মধ্যে দলীয় কোন্দলে ওই হামলা হয়েছে বলে তাঁরা দাবি করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।