কাউন্সিলরকে কুপিয়ে জখম, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার সন্ধ্যায় বন্দর উপজেলার জামাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
আহত কাউন্সিলর সুলতান আহমেদের ভাগনে পনির বলেন, বন্দর গার্লস স্কুল থেকে রাজবাড়ি পর্যন্ত রাস্তাটি প্রশস্ত করার কাজ তদারক করছিলেন কাউন্সিলর সুলতান। রাস্তাটির এক অংশে দোকান ও বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে রাস্তার জায়গা দখল করে রেখেছিলেন জাতীয় পার্টির কর্মী পরিচয়দানকারী হাবিবুর রহমান ও তাঁর জামাতা আলামিন। এ ছাড়া হাবিবুর বন্দর খেয়াঘাট এলাকায় নদীর অনেক জমি দখল করে রেখেছেন। এ নিয়ে কয়েক দিন ধরে এলাকাবাসীর সঙ্গে আলোচনার পর আলামিন জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্তের পর গতকাল রাস্তা প্রশস্ত করার কাজ শুরু করে সিটি করপোরেশন। কিন্তু বিকেলে হাবিবুর এসে কাজে বাধা দেন ও কাউন্সিলর সুলতানকে হত্যার হুমকি দিয়ে যান। সন্ধ্যায় এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির পর হাবিবুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে কাউন্সিলর সুলতানকে কুপিয়ে জখম করে। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
আহত কাউন্সিলর অভিযোগ করেন, ‘ভূমিদস্যু হাবিবুর রহমান সিটি করপোরেশনের জায়গা অবৈধভাবে দখল করে সেখানে দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে রেখেছেন। আমরা ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করতে গেলে গতকাল (শনিবার) বিকেলে সে আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। সন্ধ্যায় এসে সে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আমাকে কোপ দেয়। পরে তাঁর সঙ্গে থাকা লোকজনও আমার ওপর হামলা চালায়।’
খবর পেয়ে গতকাল রাতে হাসপাতালে যান নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী, প্যানেল মেয়র মনির হোসেন ও কাউন্সিলর হান্নান সরকার। এ সময় মেয়র বলেন, ‘এলাকাবাসী রাস্তা প্রশস্ত করার জন্য আমার কাছে লিখিত আবেদন করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন এখানে রাস্তার কাজ করছিল। সিটি করপোরেশনের জায়গা দখল করে রেখেছিল কিছু সন্ত্রাসী। এলাকাবাসীকে নিয়ে কাউন্সিলর অবৈধ স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ জানান। এতে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। জনগণের কাজ করতে গিয়ে এভাবে যদি হামলার শিকার হতে হয়, তাহলে আমরা কাজ করব কীভাবে।’