কাউন্সিলরকে কুপিয়ে জখম, আটক ১
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ছয়টায় বন্দর উপজেলার জামাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত কাউন্সিলর সুলতান আহমেদের ভাগনে পনিরের ভাষ্য, বন্দর গার্লস স্কুল থেকে রাজবাড়ি পর্যন্ত সড়কটি প্রশস্ত করার কাজ তদারকি করছিলেন কাউন্সিলর সুলতান। সড়কটির এক অংশে দোকান ও বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে রাস্তার জায়গা দখল করে রেখেছেন ‘জাতীয় পার্টির কর্মী’ হাবিবুর রহমান হবি ও তাঁর জামাতা আলামিন। এ ছাড়া বন্দর খেয়াঘাট এলাকার অনেক জায়গাও এ দুজন দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।
পনির বলেন, সড়কের জন্য জায়গা ছেড়ে দেওয়ার জন্য কয়েক দিন ধরে এলাকাবাসীর সঙ্গে হবি ও আলামিনের আলোচনা হয়। আলামিন সম্মত হলেও হবি জায়গা ছাড়তে রাজি হননি। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ সড়ক প্রশস্ত করার কাজ শুরু করে সিটি করপোরেশন। কিন্তু বিকেলের দিকে হবি এসে কাজে বাধা দেন এবং কাউন্সিলর সুলতানকে হত্যার হুমকি দিয়ে যান। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির পর হবির নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে সুলতানকে কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী সুলতানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) জহিরুল ইসলাম বলেন, কাউন্সিলর সুলতানের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন।
ঘটনা সম্পর্কে আহত কাউন্সিলর সুলতানের ভাষ্য, ‘ভূমিদস্যু হাবিবুর রহমান হবি সিটি করপোরেশনের জায়গা অবৈধভাবে দখল করে রেখে সেখানে দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে রেখেছেন। আমরা এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করতে গেলে আজ বিকেলে সে আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। সন্ধ্যায় এসে সে প্রথমে কোপ দেয়। পরে তার সঙ্গে থাকা সিরাজুল, সাকিবুল, বোখরা ফরিদ, রাজিব ও সজিব ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়।’
ঘটনার বিষয়ে জানতে হাবিবুর রহমান হবির সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কাউন্সিলর সুলতানকে দেখতে হাসপাতালে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘এলাকাবাসী রাস্তা প্রশস্ত করার জন্য আমার কাছে লিখিত আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন এখানে রাস্তার কাজ করছিল। সিটি করপোরেশনের জায়গা দখল করে রেখেছিল কিছু সন্ত্রাসী। এলাকাবাসীকে নিয়ে কাউন্সিলর অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান। এতে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। জনগণের কাজ করতে গেলে এভাবে যদি হামলা-প্রতিরোধের শিকার হতে হয়, তাহলে আমরা কাজ করব কীভাবে?’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হবির জামাতা আলামিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।