কাউন্সিলরকে মারলেন ইউপি চেয়ারম্যান
কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচনে নিজের বিপক্ষে কাজ করায় এক ইউপি চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে এক পৌর কাউন্সিলরকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই উপজেলার সদকী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল মজিদ এ কাজ করেছেন।
এ ঘটনার পরপরই আবদুল মজিদের সমর্থক-লোকজন লাঠিসোঁটা নিয়ে কুমারখালী শহরে মহড়া দেন। এ নিয়ে চেয়ারম্যান ও কাউন্সিল-সমর্থিত দুই পক্ষের লোকজনের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
মারধরের ঘটনায় কাউন্সিলর আকামুদ্দিন আকাই বাদী হয়ে চেয়ারম্যান আবদুল মজিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সোমবার বেলা ১১টার দিকে থানার সামনের একটি মার্কেটে নন্দলালপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নওশের আলীর ব্যক্তিগত কার্যালয়ে বসে ছিলেন কুমারখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের (খয়েরচারা-মাঠপাড়া সদকী ইউপি-সংলগ্ন) কাউন্সিলর আকামুদ্দিন আকাই। এ সময় সদকী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ এসে অশালীন ভাষায় তাঁকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে কার্যালয়ের ভেতরে ঢুকে কাউন্সিলর আকামুদ্দিন আকাইকে কিলঘুষি ও থাপ্পড় দিয়ে মারধর শুরু করেন। কার্যালয়ে উপস্থিত লোকজন চেয়ারম্যান আবদুল মজিদের কবল থেকে কাউন্সিলর আকাইকে উদ্ধার করেন।
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মিজানুর রহমান জুয়েলের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে বিজয়ী হন আবদুল মজিদ। আকামুদ্দিন অভিযোগ করে বলেন, নৌকার পক্ষে কাজ করায় নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই আবদুল মজিদ তাঁর ওপর ক্ষিপ্ত হন। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটে।
অভিযোগের ব্যাপারে আবদুল মজিদ বলেন, ‘বানোয়াট অভিযোগ। আকামুদ্দিন সদকী এলাকায় মাদক সেবন করে। এ নিয়ে এলাকার লোকজন বিরক্ত। কয়েক দিন আগে আমার শ্বশুর নজরুল ইসলামকে সে ব্যাপক মারধর করে। শ্বশুর বর্তমানে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। নির্বাচনে নৌকা হেরে যাওয়ার পর থেকে তারা আমাকে শায়েস্তা করার জন্য উঠেপড়ে লেগেছে।’
এ ব্যাপারে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘ঘটনা শুনেছি এবং জানি। একটা লিখিত অভিযোগ পেয়েছি। কিন্তু সেটা অসম্পূর্ণ হওয়ায় আবার লিখে আনতে বলা হয়েছে। লিখিত পেলেই আইনগত ব্যবস্থা নেব।’