চাঁদা দাবি ও জমি দখলের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূরুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে টঙ্গীর হিমার দীঘি এলাকার আবদুস সালাম মৃধা এ মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন হিমার দীঘি এলাকার শামসুল ঢালী, শাওন ঢালী, টুটুল মিয়া, কানন মোল্লা, মো. ওয়াসিম, ফারুক হোসেন ও জাকির হোসেন। এজাহার অনুযায়ী, হিমার দীঘি ও দত্তপাড়া মৌজায় সালাম মৃধাদের জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছেন কাউন্সিলরসহ অন্য আসামিরা। জমি দখল করতে না পেরে বিবাদীরা সালাম মৃধার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় নূরুল ও অন্য বিবাদীরা সম্পত্তি দখলে গাজীপুরের দেওয়ািন আদালতে একাধিক মামলা করেন। এসব মামলায় তাঁরা হেরে যান। এরপর আরও দুটি মামলা করা হয়। মামলা দুটি বিচারাধীন থাকা অবস্থায় গত ২৫ নভেম্বর দুপুর ১২টায় ২০-২৫ ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালাম মৃধার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁদের মারধর করা হয়। নূরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন।