রাজশাহীতে নগর ভবনে গতকাল বৃহস্পতিবার বিকেলে কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা চলাকালে চেয়ার ছোড়াছুড়িতে দুই নারী কাউন্সিলরসহ ছয়জন আহত হয়েছেন। সিটি করপোরেশনের কর্মচারীদের বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে গড়ে ওঠা আন্দোলন নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্যে এই সভা আহ্বান করা হয়েছিল।
আহত ব্যক্তিরা হচ্ছেন কাউন্সিলর নূরুন্নাহার, মুসলিমা বেগম, মেয়রের ব্যক্তিগত সহকারী (পিএ) শেখ আবুল জাফর, কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, উপদেষ্টা সুমন আহাম্মেদ ও জালাল উদ্দিন। এঁদের মধ্যে তিন কর্মচারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সভার পরে দুই কাউন্সিলরকেও গলায় হাত ঝোলানো অবস্থায় দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, বিকেল চারটায় নগর ভবনে মেয়র মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে এই সভা শুরু হয়। সভার উদ্দেশ্য ছিল আন্দোনের বিষয়টি সিটি করপোরেশনের কর্মচারীদের অবহিত করা এবং একটা সমঝোতা করা। সভায় বিকেল পাঁচটার দিকে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল হামিদ সরকারের একটি বক্তব্যের জের ধরে কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা দুই ভাগে বিভক্ত হয়ে একে অপরের দিকে চেয়ার তুলে মারতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারী কর্মচারীরা সভাস্থল ত্যাগ করে বাইরে চলে আসেন। সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে। তারা পরে নগর ভবনে অবস্থান নেয়। এরপর মেয়র মোসাদ্দেক হোসেন বক্তব্য দেন।
কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ বলেন, আবদুল হামিদ সরকার তাঁর বক্তব্যে বলেছেন, কর্মচারীরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন নয়, তাঁরা জঙ্গি কার্যক্রম চালাচ্ছেন। আজমীর আহমেদ বলেন, তাঁরাও কাউন্সিলরকে পাল্টা দুর্নীতিবাজ কাউন্সিলর বলে প্রতিবাদ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আবদুল হামিদ সরকার বিএনপির ক্যাডার ও কাউন্সিলরদের নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁদের তিনজন কর্মচারী আহত হয়ে হাসপাতালে গেছেন। আহত অপর তিনজন সম্পর্কে তিনি বলেন, তাঁরা কেউ আহত হননি। মিথ্যা কথা বলেছেন।
এ ব্যাপারে কাউন্সিলর আবদুল হামিদ সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে অন্য কাউন্সিলররা স্বীকার করেছেন আবদুল হামিদ সরকার বলেছেন, ‘এরা জঙ্গি কায়দায় আন্দোলন করছে’। এতেই কর্মচারীরা উত্তেজিত হয়ে ওঠেন।
মোসাদ্দেক হোসেন বলেন, তাঁরা মতবিনিময় সভায় শান্তিপূর্ণভাবে একটা সমাধানে আসার চেষ্টা করছিলেন। এমন সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এঁদের আন্দোলন দেখেই বোঝা যায় যে, এটা উদ্দেশ্যমূলক, কারণ বাজেট পাস হওয়ার পরে এঁরা আন্দোলন জোরদার করছেন।
বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা আন্দোলন করে আসছেন। ৯ জুলাই তাঁরা নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে কর্মবিরতি শুরু করেন। ১৩ জুলাই সমঝোতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা নগর ভবনের তালা খুলে দেন।