কাউন্সিলরের অবৈধ কার্যালয় উচ্ছেদ

রাজধানীর যাত্রাবাড়ীর কবরস্থান রোডে খালের ওপর নির্মাণ করা ওয়ার্ড কাউন্সিলরের অবৈধ কার্যালয়টি ভেঙে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. দেলোয়ার হোসেনের নামসংবলিত সাইনবোর্ড টানানো কার্যালয়টি গত বৃহস্পতিবার ভেঙে ফেলা হয়।

গত ৮ অক্টোবর প্রথম আলোয় ‘খাল দখল করে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সিটি করপোরেশনের লোকজন এসে ঘরটি ভেঙে ফেলে।
গতকাল সরেজমিনে দেখা যায়, কবরস্থান রোডের মুখেই সংকীর্ণ হয়ে আসা দেবধোলাই খালের ওপর নির্মিত ঘরটির ভাঙা অংশ পড়ে আছে। আধা পাকা ঘরটির ইট-সিমেন্টের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে আছে। ঘরের সামনে রাস্তার ওপরে থাকা দোকানটিও তুলে দেওয়া হয়েছে। কাউন্সিলর দেলোয়ার হোসেন গতকাল বলেন, ‘কারা এ কার্যালয় বানিয়েছিল জানতাম না। দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ঘরটি ভেঙে দেওয়া হয়েছে।’