কাউন্সিলরের অস্ত্র উদ্ধার মামলায় দুই যুবকের রিমান্ড
র্যাবের তল্লাশি অভিযানে এক কাউন্সিলরের অস্ত্র ও গুলি দুই যুবকের কাছ থেকে উদ্ধারের মামলায় গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তাঁরা হলেন শফিউল বশর ওরফে রনি ও সোহেল রান।
আজ মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন।
গত শনিবার বিকেলে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বড়দীঘির পাড় এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল ও ৫৬টি গুলি উদ্ধার করে র্যাব। উদ্ধারের পর তা নিজের লাইসেন্স করা অস্ত্র বলে দাবি করেছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী।
কিন্তু র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ ঘটনার পর বলেন, উদ্ধার অস্ত্রের লাইসেন্সের মেয়াদ ২০১৬ সালে শেষ হয়েছে। এ ছাড়া লাইসেন্স করা অস্ত্র নির্দিষ্ট ব্যক্তির কাছে থাকার নিয়ম থাকলেও তা দুই যুবকের কাছে পাওয়া গেছে। লাইসেন্সের শর্ত অনুযায়ী, অস্ত্রের সঙ্গে সর্বোচ্চ ৫০টি গুলি থাকার নিয়ম থাকলেও পাওয়া গেছে ৫৬টি গুলি। এ কারণে গত শনিবার রাতে র্যাব বাদী হয়ে হাটহাজারী থানায় দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান আজ প্রথম আলোকে বলেন, অস্ত্র মামলায় গ্রেপ্তার দুই যুবককে জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার পরিদর্শক শরীফুল ইসলাম পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শুনানির পর আসামিদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। কয়েক দিনের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুই আসামিকে কারাগার থেকে থানায় আনা হবে বলে তিনি জানান।