দুই যুবকের কাছ থেকে র্যাব ১টি রাইফেল ও ৫৬টি গুলি আটকের পর ওই অস্ত্রটি নিজের বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের এক কাউন্সিলর। তাঁর নাম তৌফিক আহমেদ চৌধুরী। তিনি নগরের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তাঁর দাবি, অস্ত্রের লাইসেন্স রয়েছে। অস্ত্রসহ আটক দুজন তাঁর আত্মীয়।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট এলাকা থেকে অস্ত্রসহ শফিউল বশর ওরফে রনি ও সোহেল রানা নামের দুই যুবককে আটক করে র্যাব। আটক দুই যুবক অস্ত্র ব্যবসায়ী বলে জানান র্যাব-৭-এর সহকারী পরিচালক শাহেদা সুলতানা।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, লাইসেন্স করা অস্ত্র নির্দিষ্ট ব্যক্তির কাছে থাকার নিয়ম। ওই দুই যুবকের কাছে অস্ত্রের কোনো লাইসেন্স ছিল না। ফলে তাঁরা অবৈধ অস্ত্র বহন করছিলেন। এ ছাড়া এ অস্ত্রের যে লাইসেন্সের মেয়াদের কথা বলা হচ্ছে, সেটাও মেয়াদোত্তীর্ণ। আর লাইসেন্স করা অস্ত্রের সঙ্গে সর্বোচ্চ ৫০টি গুলি রাখার নিয়ম। কিন্তু ৫৬টি গুলি পাওয়া গেছে। তাই ওই দুই অস্ত্রধারী ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।
২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তৌফিক আহমেদ চৌধুরী উল্লেখ করেন, অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা আছে। তবে হাইকোর্টের আদেশে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেন তিনি।
যোগাযোগ করা হলে কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, আটক দুজনের মধ্যে রনি তাঁর চাচাতো ভাই আর সোহেল ভাগিনা। গতকাল বিকেল পাঁচটার দিকে ওই দুজনকে ফোন করে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আসতে বলেন তিনি। তাঁরা দুজন একটি গাড়িতে ছিলেন। তিনি আরেকটি গাড়িতে ওঠেন। কিন্তু যে গাড়িতে ওই দুজন ওঠেন, সে গাড়িতে তাঁর অস্ত্রটি ছিল।
তৌফিক আহমেদ চৌধুরী বলেন, কাউন্সিলর কার্যালয় থেকে বের হয়ে চৌধুরীহাট এলাকায় পৌঁছার পর র্যাব সদস্যরা ওই গাড়িটি তল্লাশি করেন। তখন তাঁর গাড়িটি সামনে ছিল। পরে তিনি খবর পেয়ে আবার সেখানে যান এবং র্যাব সদস্যদের সঙ্গে কথা বলেন। অস্ত্রের লাইসেন্সের ফটোকপি র্যাব সদস্যদের কাছে জমা দেন। মূল কাগজপত্র নিয়ে রোববার (আজ) সকালে র্যাবের অফিসে যেতে বলেন তাঁরা। অস্ত্রের লাইসেন্সের মেয়াদ রয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে অস্ত্রসহ দুজনকে আটক করার বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, ঘটনাটি পুলিশ জানে না।