ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে গত মঙ্গলবার রাতে শফিকুল ইসলাম (৫০) নামের এক আওয়ামী লীগের নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে হাসপাতালে শফিকুল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা আবদুল বাসিত খানের উপস্থিতিতে তাঁর লোকেরা তাঁকে গুলি করেছে। শফিকুল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আবদুল বাসিত একই ওয়ার্ডের দলের সহসভাপতি।
অভিযোগ প্রসঙ্গে সন্ধ্যায় কথা বলার জন্য যোগাযোগ করা হলে বাসিতকে মুঠোফোনে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাজধানীর মানিকনগর বিশ্বরোডের মিয়াজান লেনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয় অবস্থিত। মঙ্গলবার রাত ১০টার পর আওয়ামী লীগের নেতা শফিকুলকে ওই কার্যালয়ে ডেকে নেওয়া হয়। এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ে রাত ১১টার দিকে কার্যালয়ে উপস্থিত লোকজনের সঙ্গে শফিকুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ১৫-২০ জন তাঁকে ও তাঁর বন্ধু আশরাফ আলী ওরফে বাবুকে মারধর করতে থাকেন। এ সময় দুই যুবক দুটি পিস্তল দিয়ে শফিকুলের দুই পায়ে চারটি গুলি করেন। পরে আশরাফ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
শফিকুলের দাবি, ওয়ার্ড কাউন্সিলর বাসিত কথা আছে বলে দুজন লোক পাঠিয়ে বাসা থেকে তাঁকে কার্যালয়ে নিয়ে যান। এ সময় ওয়ার্ড কাউন্সিলর তাঁর লোকদের কর্মকাণ্ডে বাধা দিতে নিষেধ করেন। কাউন্সিলর তাঁকে চাঁদাবাজি ও মাদক ব্যবসার টাকার ভাগ দেওয়ারও প্রস্তাব দেন। কিন্তু তিনি এর প্রতিবাদ করায় রাসেল ও মামুন পিস্তল দিয়ে তাঁর দুই পায়ে চারটি গুলি করেন। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসিকে) ফোন করলেও ঘটনাস্থলে পুলিশ পাঠাননি।
শফিকুল বলেন, গত ২৮ এপ্রিল সিটি নির্বাচনে বাসিত ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তিনি বেপরোয়া হয়ে ওঠেন। নিজের লোকদের দিয়ে মাদক ব্যবসা ও চাঁদাবাজি করতে তিনি তিনটি দল গঠন করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মানিকনগর, মুগদা ও সবুজবাগের বাসিন্দাদের বাড়ি নির্মাণ করতে ওয়ার্ড কাউন্সিলরের লোকদের চাঁদা দিতে হয়।
পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তারেক বিন রশীদ প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের দলীয় কোন্দলের জের ধরে শফিকুলকে গুলি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এডিসি বলেন, ফোন পেয়েও পুলিশ ঘটনাস্থলে না যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।