রাজধানীর ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা ময়নুল হক মনজুরের চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতনের হাত থেকে বাঁচার দাবি জানিয়েছেন টিকাটুলির রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীরা। তাঁরা এ ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।
আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা তাঁদের লিখিত বক্তব্য তুলে ধরেন। এতে ওই দুই মার্কেটের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটের দেড় সহস্রাধিক দোকানের মালিক-ব্যবসায়ী কাউন্সিলর ময়নুল ও তাঁর বাহিনীর চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতনের শিকার। তাঁরা এ থেকে রেহাই চান। অন্যথায়, তাঁরা দোকান বন্ধ করে দিতে বাধ্য হবেন।
লিখিত বক্তব্যে মার্কেটের ব্যবসায়ী মো. সাখাওয়াত হোসেন দাবি করেন, ‘চার বছর ধরে মার্কেটের কমিটি দখল করে নানা কৌশলে চাঁদাবাজি করে আসছেন ময়নুল। কেউ চাঁদা না দিলে তাঁকে ধরে নিয়ে মারধর করা হয় এবং তাঁর দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়।’
এ অবস্থায় ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।
এ ব্যাপারে বিষয়ে কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা ময়নুলের সঙ্গে কথা বললে তিনি প্রথম আলোর কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য পরিচয় দিয়ে তিনি নিজেকে ওই মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি বলেও দাবি করেন।
এদিকে চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত বুধবার রাতে রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটের আট ব্যবসায়ী ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া জীবনের নিরাপত্তা চেয়েও তাঁরা পৃথক জিডিও করেন।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার সাহা জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, এসব জিডির তদন্ত করার জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। অনুমতি মিললে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ীদের করা পৃথক জিডিতে বলা হয়েছে, ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট দোকান মালিক সমিতির অবৈধ সভাপতি। তিনি সন্ত্রাসীদের মাধ্যমে চার বছর ধরে বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছেন। সন্ত্রাসীদের ভয়ে নিরীহ ব্যবসায়ীরা নীরবে চাঁদা দিয়ে আসছেন। ব্যবসায়ীরা ভয়ে মুখ খুলতে সাহস পান না। কিন্তু চাঁদাবাজি ও জুলুমের মাত্রা অসহনীয় হয়ে পড়লে ব্যবসায়ীরা সম্প্রতি বিভিন্নভাবে প্রতিবাদ করা শুরু করেন।
পাঁচজন ব্যবসায়ী তাঁদের জিডিতে বলেছেন, ২২ আগস্ট দুপুরে ময়নুল হক নিজে মার্কেটের সামনে গিয়ে ব্যবসায়ীদের হুমকি দেন। ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতিসাধন ও ব্যবসা করতে দেবেন না বলে ভয়ভীতিও দেখান।
কেউ প্রতিবাদ করলে ময়নুলের লোকজন তাঁকে সমিতির কার্যালয়ে ডেকে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বলেও একজন ব্যবসায়ী তাঁর জিডিতে উল্লেখ করেছেন।
এসব অভিযোগের বিষয়ে ময়নুল প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীদের করা অভিযোগ মিথ্যা। এর আগে র্যাব মার্কেটে অভিযান চালানোর কারণে ব্যবসায়ীরা ভয় পেয়েছেন। র্যাবের ভয়ে ব্যবসায়ীরা তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করছেন। তাঁর দাবি, মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে রসিদের বিনিময়ে সার্ভিস চার্জ নেন তিনি। তিনি মার্কেট কমিটির সভাপতি হয়েছেন, এটা একশ্রেণির ব্যবসায়ী মেনে নিতে পারছেন না।
এর আগে ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে গত ৮ জুলাই মধ্যরাতে র্যাব-১০-এর একটি দল রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটে চাঁদাবাজির সময় ১১ জনকে হাতেনাতে আটক করে। কিন্তু রাজনৈতিক চাপে তাঁদের মধ্যে যুবলীগের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমকে ছেড়ে দেয় র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠান।
অন্যদিকে, চাঁদাবাজির অভিযোগের সত্যতা পেয়ে রেজাউল করিমকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়। সাজা পাওয়া ব্যক্তিদের মধ্যে সানাউল করিম ৩৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক ও সরকারি কবি নজরুল কলেজের ছাত্র। তিনি রেজাউল করিমের ছোট ভাই।
আরও পড়ুন..