কাউন্সিলরের ছেলেকে গুলি করে হত্যা
খুলনা মহানগরে এক মহিলা কাউন্সিলরের ছেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে দৌলতপুর থানার নতুন রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (২৮)। তাঁর মা শাহিদা বেগম খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর। তিনি দৌলতপুরের পাবলা ফকির পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
দৌলতপুর থানার পুলিশ এ হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে টার দিকে খুলনা-যশোর মহাসড়কের অদূরে নতুন রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন নজরুল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত নজরুলের মাথায় গুলি করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ দাবি করেছে, লাশ উদ্ধারের সময় পকেটে তিনটি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।
নজরুলের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে দৌলতপুর থাকায় ১২টি মামলা রয়েছে। পুলিশের ধারণা, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে খুন হয়েছেন নজরুল।
বেলা সাড়ে ১২টার সময় নাগাদ লাশের ময়নাতদন্তের কাজ চলছিল। নজরুলের বাবা সোহরাব হোসেন থানার মামলার জন্য এসেছেন।