কাউন্সিলরের ছেলেকে ছুরিকাঘাত, অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলরের ছেলেসহ দুজনকে ছুরিকাঘাত করার ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভোরে অস্ত্রসহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে ওয়ার্ড কাউন্সিলের ছেলের ওপর হামলার প্রতিবাদে গতকাল পাহাড়তলী বাজারে দোকানপাট বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।
পুলিশ জানায়, গ্রেপ্তার আলাউদ্দিন ওরফে আলোর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা আছে।
গত বুধবার রাতে কাউন্সিলর মো. সাবের আহমদের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর এবং তাঁর ছেলে ও একজন বৈদ্যুতিক মিস্ত্রিকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। আলাউদ্দিন ওই হামলার নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ আছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল ভোরে পাহাড়তলী স্টেশন-সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল এবং একটি ম্যাগাজিনসহ চারটি গুলি উদ্ধার করা হয়েছে।
কাউন্সিলর মো. সাবের আহমদ প্রথম আলোকে বলেন, ‘আলাউদ্দিন মাদক ব্যবসায়ী। সে বুধবার রাতে আমার ছেলে ও একজন মিস্ত্রিকে ছুরিকাঘাত করেছে এবং আমার গাড়ির কাচ ভেঙে দিয়েছে। এর প্রতিবাদে পাহাড়তলী এলাকার চালের আড়তসহ প্রায় এক হাজার দোকানপাট দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এ ছাড়া পাহাড়তলী বাজারে আমার সভাপতিত্বে একটি প্রতিবাদ সমাবেশ হয়।’
স্থানীয় সূত্র জানায়, আলাউদ্দিন নিজেকে যুবলীগের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন সময় ব্যানার টাঙিয়েছিলেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় ওয়ার্ড কাউন্সিলরের ছেলেসহ দুজনকে ছুরিকাঘাত করে আলাউদ্দিন। আমরা অভিযোগ পেয়ে ভোরে অভিযান চালিয়ে পাহাড়তলী স্টেশন-সংলগ্ন একটি বাসা থেকে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করি।’ ওসি বলেন, আলাউদ্দিন সন্ত্রাসী। ২০১৫ সালের ২৭ আগস্ট পাহাড়তলী বাজারে আব্বাস নামের এক ব্যক্তিকে খুন করে আলাউদ্দিন। ওই ঘটনায় সে গ্রেপ্তার হয়ে এক বছরের বেশি সময় জেলে ছিল। পরে জামিনে মুক্তি পেয়ে সে তিনটি অঘটন ঘটায়। গত ২৪ জানুয়ারি নির্মাণাধীন একটি বাড়ির মালিকের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে সে। এরপর চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। জামিনে মুক্তি পেয়ে সে পরপর দুই দফায় তিন ব্যক্তিকে ছুরিকাঘাত করে।
নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু প্রথম আলোকে বলেন, ‘আলাউদ্দিন যুবলীগের কেউ নয়। সে সন্ত্রাসী। বিভিন্ন সময় সে যুবলীগ পরিচয় দিয়ে বিলবোর্ডে ব্যানার টাঙিয়েছিল। আমি নিজ উদ্যোগে তার সেসব ব্যানার বেশ কয়েকবার নামিয়েছিলাম।’