কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
কক্সবাজার পৌরসভার কাউন্সিলর জাবেদ মো. কায়সার ওরফে নোবেলের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার রামু প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু, রামু বৌদ্ধ কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, রামু প্রজ্ঞামিত্র বনবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিতীশ বড়ুয়া ও রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কক্সবাজার শহরের মহাজেরপাড়ার ভুলু বড়ুয়া বলেন, পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নোবেলের নেতৃত্বে সন্ত্রাসীরা সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। এ কারণে তিনি এলাকাছাড়া। নিরাপত্তার কারণে রামুতে এসে তাঁকে সংবাদ সম্মেলন করতে হচ্ছে।
ভুলু বড়ুয়া বলেন, মহাজেরপাড়ায় বাড়ি নির্মাণ করার জন্য তিনি কাউন্সিলর নোবেলকে ৫০ হাজার টাকা চাঁদা দিয়েছেন। তারপরও নির্যাতন বন্ধ হয়নি। ২০১৪ সালের ২৬ অক্টোবর নোবেল তাঁর বাড়িতে ঢুকে তাঁর চার বছরের কন্যাশিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে আট লাখ টাকার একটি চেকে সই করিয়ে নেন। ওই টাকা তুলতে না পেরে নোবেল তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, কাউন্সিলর নোবেল কখনো জাল দলিল বানিয়ে, কখনো ভুয়া মালিক সাজিয়ে বৌদ্ধদের জায়গা-জমি জবরদখলে মরিয়া হয়ে উঠেছেন।
লিখিত বক্তব্যে নোবেলের বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ করা হয়।
কাউন্সিলর নোবেল সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, ভুলু বড়ুয়া মহাজেরপাড়ায় পাঁচতলা ভবন তৈরির সময় তাঁর কাছ থেকে আট লাখ টাকা ধার নিয়েছেন। এর বিপরীতে ওই সময় তিনি আট লাখ টাকার চেক দেন। ওই টাকা পরিশোধ না করায় তিনি তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।