কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষকদের পক্ষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের পক্ষ নেওয়ার অভিযোগ উঠেছে। ধর্ষণের মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে কিশোরীর পরিবার। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কিশোরীর পরিবার লিখিতভাবে এসব অভিযোগের কথা তুলে ধরে। ধর্ষণের শিকার কিশোরী এখন আট মাসের অন্তঃসত্ত্বা।
অভিযোগের বিষয়ে জানতে কাউন্সিলর রূপক সেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, ‘ধর্ষকদের পক্ষ নেওয়ার প্রশ্নই ওঠে না। নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ আমার ইমেজ নষ্ট করতে ওই কিশোরীর পরিবারকে ভুল বুঝিয়েছে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই কিশোরীর বাবাও প্রতিবন্ধী। কিশোরীর মা অন্যের বাড়িতে কাজ করেন। গত বছরের ২১ জুন ছয় বখাটে প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করে। ছয় মাস পর কিশোরীটি ঘন ঘন অসুস্থ হতে থাকলে চিকিৎসকের কাছে নেওয়ার পর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে।
লিখিত বক্তব্যে বলা হয়, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিস হয়। এতে ধর্ষণের কথা স্বীকার করে টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার প্রস্তাব আসে। কিন্তু কিশোরীর মা রাজি না হওয়ায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পটিয়া থানায় ধর্ষণের মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে গত ৪ জানুয়ারি চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। কিন্তু এক মাস পেরিয়ে যাওয়ার পরও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এখন মামলা তুলে নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার জন্য চাপ দিচ্ছেন কাউন্সিলর।
সংবাদ সম্মেলনে কিশোরীর মায়ের পক্ষে লিখিত বক্তব্য পড়েন তাঁদের নিকটাত্মীয় সঞ্জিতা দাশ। এ সময় ভুক্তভোগী কিশোরী ও তার মা-বাবা উপস্থিত ছিলেন।