কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবসায়ীর জিডি নেয়নি ওয়ারী থানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ী সেন্টু হাজি অভিযোগ করেছেন, ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক (মনজু) তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ব্যাপারে ময়নুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করেনি ওয়ারী থানা।
তবে ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন ওয়ার্ড কাউন্সিলর ময়নুল। তিনি জানান, প্রশাসনের লোক ঘটনার তদন্ত করতে এসেছে শুনে তিনি মার্কেটে গিয়েছিলেন।
ব্যবসায়ী সেন্টু হাজি প্রথম আলোকে জানান, ‘রাজধানী সুপার মার্কেটে আবার চাঁদাবাজি’ শিরোনামে গত শনিবার প্রথম আলোতে খবর ছাপা হওয়ার পর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল তাঁর লোকবল নিয়ে রাজধানী সুপার মার্কেটের সামনে তাঁকে ঘেরাও করেন। এ সময় খবর ছাপা হওয়ার জন্য তাঁকে দায়ী করে মেরে ফেলার হুমকি দেন ময়নুল। একপর্যায়ে ময়নুলের সহযোগীরা ধাওয়া দিলে তিনি দৌড়ে নিরাপদ আশ্রয়ে যান।
সেন্টু হাজি আরও জানান, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুলের বিরুদ্ধে ওয়ারী থানায় জিডি করতে গেলে পুলিশ প্রথমে তা গ্রহণ করে। কিন্তু আবেদনপত্রে ওয়ার্ড কাউন্সিলর ময়নুলের নাম দেখে কর্তব্যরত এসআই তা ছিঁড়ে ফেলেন। তিনি বলেন, ‘ময়নুল ভাইয়ের বিরুদ্ধে আমরা জিডি নিই না।’ এরপর তিনি ওই অভিযোগ আবার লিখে র্যা ব কার্যালয়ে জমা দেন।
এ প্রসঙ্গে ওয়ারী থানার কর্তব্যরত এসআই মক্কু মোল্লা জানান, ওই ব্যবসায়ী জিডি করতে এসেছিলেন। কিন্তু জিডির আবেদনে সাক্ষী হিসেবে কারও নাম উল্লেখ করেননি। তাই তিনি তাঁকে আবেদনে জিডির সাক্ষীর নাম লিখে আনতে বলেছিলেন। তবে নিয়মানুযায়ী জিডি করার জন্য সাক্ষীর প্রয়োজন হয় না। এ ব্যাপারে মক্কু মোল্লা জানান, তদন্তের স্বার্থে তিনি সাক্ষীর নাম লিখে আনতে বলেছেন।
ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে ৮ জুলাই রাতে র্যা ব-১০-এর একটি দল রাজধানী সুপার মার্কেটে চাঁদাবাজির সময় হাতেনাতে ১১ জনকে আটক করে। এরপর রাজনৈতিক চাপে যুবলীগের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমকে ছেড়ে দেয়। তখন ভ্রাম্যমাণ আদালত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ জনকে সাজা দিয়ে কারাগারে পাঠান। চাঁদাবাজির অভিযোগের সত্যতা পেয়ে রেজাউল করিমকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে সানাউল করিম ৩৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক ও সরকারি কবি নজরুল কলেজের ছাত্র। তিনি রেজাউল করিমের ছোট ভাই।