ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউল আলম ওরফে টুলুর বিরুদ্ধে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক হিসেবে ভাতা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০-১২ বছর ধরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বোয়ালমারী উপজেলার আঁধারকোঠা জামে মসজিদে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন শফিউল আলম। এ বছরের মার্চে বোয়ালমারী পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড থেকে শফিউল আলম কাউন্সিলর নির্বাচিত হন। এরপরও পৌরসভা থেকে ভাতা নেওয়ার পাশাপাশি ওই মসজিদভিত্তিক গণশিক্ষাকেন্দ্রের শিক্ষক হিসেবেও ভাতা নিচ্ছেন তিনি।
তবে কাউন্সিলর শফিউল আলম দাবি করে বলেন, ‘আমি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষাকেন্দ্র থেকে কোনো ভাতা তুলছি না।’
এ দাবি নাকচ করে দিয়ে ওই কর্মসূচির বোয়ালমারী উপজেলার মাঠ কর্মকর্তা আবু আলী বলেন, শফিউল আলম মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা বোয়ালমারী কেন্দ্র আঁধারকোঠা জামে মসজিদে শিক্ষক হিসেবে প্রতি মাসে ২ হাজার ৩০০ টাকা করে ভাতা নিচ্ছেন।
ফরিদপুরের মাঠ কর্মকর্তা আশরাফ মাহমুদ বলেন, ‘সরকারি সার্কুলার অনুযায়ী কোনো জনপ্রতিনিধি ওই কার্যক্রমের শিক্ষক হতে পারেন না।’