কাকরাইলে ছাত্রদল-যুবদল কর্মীদের গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা উপলক্ষে রাস্তায় অবস্থান করতে না দেওয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা। এ সময় ছাত্রদল ও যুবদলের অন্তত ৩০ কর্মীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খালেদা জিয়া আদালতে হাজির হবেন, এমন খবরে গতকাল সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। সকালে কাকরাইলের মৎস্য ভবন এলাকায় ৩০-৪০ জন ছাত্রদল কর্মী এক রাস্তায় অবস্থান নিলে তাঁদের সরে যেতে বলে পুলিশ। এতে ছাত্রদল কর্মীরা পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে ছাত্রদল ও যুবদলের কর্মীরা দুটি মাইক্রোবাস, তিনটি বিআরটিসির বাস ও তিনটি ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর চালান। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়তে বাধ্য হয়েছে। ঘটনাস্থল থেকে ছাত্রদল ও যুবদলের ৩০ কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
দুর্নীতির দুই মামলায় পুরান ঢাকার বকশীবাজারে বিশেষ আদালতে গতকাল সকালে খালেদা জিয়ার হাজির হওয়ার কথা ছিল। তবে তিনি অসুস্থ এবং উচ্চ আদালতে বিচারকের প্রতি অনাস্থা এনে আবেদন করেছেন জানিয়ে আদালতের কাছে সময় প্রার্থনা করেন খালেদা জিয়ার আইনজীবীরা। পরে আদালত সময় আবেদন মঞ্জুর করে ১৬ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।