কাকরাইলে পুলিশের গুলিতে অটোরিকশার চালক আহত, আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাকরাইলে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশের গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামের একজন সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সকাল ছয়টার দিকে পল্টন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলামসহ পুলিশের দুজন সদস্য কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে দায়িত্ব পালনকালে একটি অটোরিকশাকে থামানোর সংকেত দেন। কিন্তু অটোরিকশাচালক তা অমান্য করে এএসআই আশরাফুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এএসআই আশরাফুল গুলি করলে অটোরিকশাচালকের বাঁ বাহুতে তিনটি গুলি লাগে। আহত আলমগীরকে আটক করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা করিয়ে তাঁকে পল্টন থানায় নেওয়া হয়।
অবশ্য হাসপাতালে অটোরিকশাচালক জানান, পুলিশ অটোরিকশাটি থামানোর নির্দেশ দিলেও তিনি থামাননি। তবে তিনি পুলিশের ওপর অটোরিকশা উঠিয়ে দেননি।
বিকেলে যোগাযোগ করা হলে পল্টন থানার কর্তব্যরত এসআই শওকত আলী খান প্রথম আলোকে বলেন, অটোরিকশার ধাক্কায় আহত এএসআই আশরাফুলকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোরিকশার ধাক্কায় এএসআই আশরাফুলের সঙ্গে থাকা কনস্টেবলের রাইফেল ভেঙে গেছে। এ ব্যাপারে আটক অটোরিকশাচালকের বিরুদ্ধে পুলিশের ওপর আক্রমণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় মামলা হয়েছে।