কাকরাইলে বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে গতকাল বুধবার দুপুরে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলটির অষ্টম শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ছাত্রীর (প্রথম আলোর সম্পাদকীয় নীতির কারণে নাম-পরিচয় প্রকাশ করা হলো না) স্বজনেরা বলেছেন, ছাত্রীটিকে উত্ত্যক্ত করা এক বখাটে ছুরিকাঘাত করে পালিয়েছে। ওবায়েদ নামের ওই বখাটে এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা মার্কেটের একটি দরজি দোকানের কর্মচারী।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের এক ছাত্র প্রথম আলোকে বলে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে ওই ছাত্রী রাস্তার ওপারে যাওয়ার জন্য পদচারী-সেতুতে ওঠে। পদচারী-সেতুর মাঝামাঝি পৌঁছালে এক যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ছাত্রীটির চিৎকারে স্কুলের শিক্ষার্থীরা ও কয়েকজন অভিভাবক ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে আসেন তার মা-বাবা ও স্বজনেরা।
ছাত্রীর বাবা কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ২০ দিন ধরে মেয়ে স্কুলভ্যানে আসা-যাওয়া করছে। এর আগে ওর মা ওকে আনা-নেওয়া করতেন। গতকাল পরীক্ষা শেষে মেয়ে স্কুলের সামনের পদচারী-সেতু পার হয়ে রাস্তার ওপারে থাকা স্কুলভ্যানে উঠতে যাচ্ছিল। তখনই ওবায়েদ তাঁর মেয়েকে পেটে ছুরিকাঘাত করেন। এতে সে গুরুতর জখম হয়।
হাসপাতালে মেয়েটির মা বিলাপ করে বলেন, তিনি ও তাঁর মেয়ে ইস্টার্ন মল্লিকা মার্কেটের একটি দরজির দোকান থেকে সালোয়ার-কামিজ বানাতেন। যোগাযোগের জন্য তাঁর মুঠোফোন নম্বর রেখেছিলেন ওই দোকানের কর্মচারীরা। ওই নম্বরে ফোন করে দোকানের কর্মচারী ওবায়েদ তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি জানতে পেরে তিনি মুঠোফোন নম্বরটি বন্ধ করে দেন। এরপর থেকে তাঁর মেয়েকে ওবায়েদ স্কুলের সামনে উত্ত্যক্ত করছিলেন বলে তিনি শুনেছেন। তাঁর সন্দেহ, ওবায়েদই তাঁর মেয়েকে হত্যার জন্য ছুরিকাঘাত করেছেন।
বিকেলে মেয়েটির অস্ত্রোপচার করা হয়। সে সময় অস্ত্রোপচারকক্ষের সামনে তার স্বজনদের পাশাপাশি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরাও তার অবস্থা জানতে অপেক্ষা করছিল। তারা হামলাকারী বখাটেকে গ্রেপ্তারের দাবি জানায়।
পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার অস্ত্রোপচার করা হয়েছে। ৪৮ ঘণ্টা পার হওয়ার পর তার অবস্থা সম্পর্কে বলা যাবে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, হামলাকারীকে গ্রেপ্তারের জন্য ওই দোকানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। মেয়েটির মা তাঁদের কাউকে ওবায়েদ বলে শনাক্ত করলে তাঁকে গ্রেপ্তার করা হবে। তবে দোকানটির মালিক দাবি করেছেন, ওবায়েদ আড়াই মাস আগে চাকরি ছেড়ে চলে গেছেন।
ঘটনা সম্পর্কে স্কুল কর্তৃপক্ষ কিছু জানে কি না, তা জানতে সন্ধ্যায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।