কাচের জারে ছিল ৭৫ কোটি টাকার সাপের বিষ: র্যাব
ঢাকার দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার ব্যক্তিদের কাছে কাচের জারে ৮ কেজি ৯৬ গ্রাম (জারসহ) সাপের বিষ পাওয়া যায় বলে জানায় র্যাব। এর আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।
ইউএনবির খবরে জানা যায়, আজ শুক্রবার র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব বলছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার র্যাব-২-এর একটি দল জানতে পারে, রাজধানীর দক্ষিণখান থানাধীন ৫০ নম্বর ওয়ার্ড গুলবার মুন্সি সরণিতে আন্তর্জাতিক চোরাচালান চক্রের কয়েকজন সদস্য বিপুল পরিমাণ সাপের বিষ নিয়ে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র্যাবের দল গতকাল বিকেলে সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সাপের বিষসংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়। র্যাব জানতে পারে, নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে। বেশি মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করা হয়। গ্রেপ্তার আসামিরা আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।