ঢাকায় এলেও মেয়ের সঙ্গে দেখা হলো না মা নাজমা বেগমের। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে মাগুরা থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান তিনি। তার আগেই সকালে ‘বেবি অব নাজমা’কে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুটির বাবা বাচ্চু ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দীর্ঘ যাত্রায় নাজমার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়েছে। তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে নাজমাকে শিশুটির কাছে নেওয়া হয়নি। শিশুটির বাবা গতকাল রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘মেয়ের অবস্থা ভালো না। কেমন বেহুঁশের মতো পড়ি আছে। অপারেশন হয়িছে। আরও নানা সমস্যা। মেয়ে আমার ভালো নেই।’
দুপুর ১২টার দিকে নাজমা বেগম যখন ঢাকার উদ্দেশে রওনা হন, তখন তিনি সুস্থই ছিলেন বলে জানান মাগুরার সিভিল সার্জন আবদুল লতিফ। তিনি বলেন, ‘আমরা বৃহস্পতিবার অস্ত্রোপচারের পরপরই মা-মেয়ে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছিলাম। পরিবার নাজমাকে ঢাকায় নেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। আজ (গতকাল) সকালে শিশুটির বাবা নাজমা বেগমকে নিয়ে যাওয়ার জন্য দরখাস্ত দেন। আমরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ছেড়ে দিই।’
ঢাকায় রওনা দেওয়ার আগে নাজমা বেগম বলেন, ‘একটা বাচ্চা জন্ম দিতি কী কষ্ট, সেটা সবাই জানেন। আমার পেটের ভেতর আমার মণিকে গুলি করল? আমি এর বিচার চাই।’
নাজমা বেগম এখন ঢাকা মেডিকেল কলেজে ‘স্পেশাল কেয়ার বেবি ইউনিটে’র পাশের কক্ষে আছেন। শিশুটির শরীরে কিছুটা জটিলতা দেখা দেওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান।
এদিকে ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান আশরাফুল হক প্রথম আলোকে বলেছেন, ‘শিশুটি ঝুঁকিমুক্ত নয়। রক্তে সংক্রমণের একটা আশঙ্কা তৈরি হয়েছে। ওর রক্তের প্লাটিলেট ৫০ হাজারে নেমেছে। এর পরিমাণ কমপক্ষে দেড় লাখ হওয়ার কথা। তার জন্ডিস হয়েছে। স্যালাইন দেওয়া হচ্ছে।’ জন্মের পর মায়ের দুধ পেলে এই সংক্রমণ এড়ানো যেত বলে মনে করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘ও তো পৃথিবীতে আসার আগে থেকেই সমস্যার মধ্যে আছে। অপরিণত জন্ম, কম ওজন নিয়ে জন্ম নেওয়া, পেটের মধ্যে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হওয়া—সবকিছুই ওর জন্য রিস্ক ফ্যাক্টর। এসব মাথায় রেখেই নিবিড় তত্ত্বাবধান চলছে। ওকে নিয়ে আমরা সবাই চিন্তিত।’
এদিকে আজ যখন শিশুটির মাকে ঢাকায় পাঠানো হচ্ছিল, তখন এ ঘটনায় নিহত ব্যক্তির হত্যাকারীদের শাস্তির দাবিতে মাগুরা সদর উপজেলা পরিষদের পাশে মাগুরা-ঝিনাইদহ সড়কে মানববন্ধন করেন এলাকাবাসী। দুপুর ১২টার দিকে তাঁরা সড়কে দাঁড়ালেও পুলিশ কিছুক্ষণ পরই তাঁদের সরিয়ে দেয়।
মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় গত বৃহস্পতিবার (২৩ জুলাই) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম (৩৫)। ওই সময় গুলি ও বোমায় আহত হন নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া। পরদিন তিনি মারা যান।
আরও পড়ুন: