কাজ ছাড়তে চাওয়ায় শিশুকে পিটিয়ে আহত
কাজ ছেড়ে দিতে চাওয়ায় ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় একটি ওয়ার্কশপের মালিকের বিরুদ্ধে শিশু কর্মীকে (১২) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। ওই রাতেই এ ঘটনায় মামলা হয়েছে।
আহত শিশুটির নাম টুটুল হোসেন। সে ঝিনাইদহ সদর উপজেলার বদনপুর গ্রামের আকবর আলীর ছেলে। আসামির নাম মিজানুর রহমান (৪২)। তাঁর বাড়ি হামদহ এলাকায়। ঘটনার পর থেকে তিনি পলাতক।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান গতকাল বলেন, মিজানুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
টুটুলের বড় ভাই মিঠুন হোসেন বলেন, অভাবের সংসার তাঁদের। বাবা ভ্যান চালিয়ে যা আয় করেন, তা দিয়ে সংসার চলে। তিনি নিজে একটি ট্রাকের চালকের সহকারী। আর্থিক সচ্ছলতা না থাকায় টুটুলকে দুই মাস হলো ঝিনাইদহ শহরের হামদহ এলাকার মেসার্স ফকরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ শেখার জন্য দেন। কথা ছিল দোকানের মালিক মিজানুর খাবার এবং হাতখরচ ও যাতায়াত খরচ বাবদ কিছু টাকা দেবেন। কিন্তু মিজানুর ঠিকমতো গাড়িভাড়া দিতেন না। সামান্য ভুলত্রুটি হলেই গালিগালাজ করতেন। মাঝেমধ্যে চড়থাপ্পড় মারতেন। টুটুলকে রাত করে ছুটি দেওয়া হতো। প্রতিদিনই রাত আটটা থেকে নয়টায় ছুটির পর তাকে সাত কিলোমিটার দূরে বাড়ি ফিরতে হতো। এ কারণে সে আর কাজ করতে চায়নি। সোমবার রাত আটটার পর ছুটি দিলে টুটুল মালিককে জানিয়ে দেয়, মঙ্গলবার (গতকাল) থেকে সে আর কাজে আসবে না। তখনই মালিক মিজানুর রহমান তাকে মারধর শুরু করেন। লাঠি দিয়ে ও কিলঘুষি মেরে তাকে আহত করা হয়। টুটুল প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পিটুনিতে আহত হওয়ায় সে রাস্তার পাশে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী সোহেল আরমান বলেন, রাস্তার পাশে টুটুলকে পড়ে থাকতে দেখে তিনিসহ কয়েকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান।
আহত টুটুল জানায়, মিজানুর রহমান প্রায়ই তাকে গালিগালাজ করতেন। কাজ ছেড়ে দিতে চাওয়ায় মিজানুর লাঠি দিয়ে পিটিয়ে ও কিলঘুষি মেরে তাকে আহত করেন। হাসপাতালে এক দিন চিকিৎসার পর গতকাল দুপুরে সে বাড়ি ফিরেছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।