বরিশাল সিটি করপোরেশনের একটি প্রকল্পের কাজ না করে প্রায় অর্ধ কোটি টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে। সাড়ে তিন কোটি টাকার কাজের মাত্র পাঁচ লাখ টাকার কাজ হয়েছে—এমন দাবি অভিযোগকারীদের। ১০ আগস্ট প্রকৌশল বিভাগ থেকে অর্থ ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে। নূসরাত বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই অর্থ তোলে।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ থেকে জানা যায়, নগরের কাউনিয়া এলাকায় একটি ক্রস ড্রেন (নালা), সড়কের পাশের নালা ও সড়ক সংস্কারের জন্য ফেব্রুয়ারি মাসে কার্যাদেশ দেওয়া হয়। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ওই কাজ পায় নূসরাত বিল্ডার্স। কার্যাদেশ পাওয়ার পর ৯ দশমিক ১৪ মিটার ক্রস ড্রেন এবং সড়কের পাশে আরও ২০ দশমিক ১১ মিটার নালা নির্মাণের পর কাজ বন্ধ করে দেন ঠিকাদার। চার মাসে আর কোনো কাজ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। মাত্র পাঁচ লাখ টাকার কাজ করা হলেও ঠিকাদার ৪২ লাখ ৬৬ হাজার ৪৮৯ টাকা তুলেছেন। ওই বিলে আপত্তি জানাননি প্রকৌশলীরা।
খোঁজ নিয়ে এবং কার্যাদেশ থেকে জানা যায়, ক্রস ড্রেন নির্মাণের জন্য প্রতি মিটারে ব্যয় ধরা হয়েছে ২২ হাজার টাকা। সড়কের পাশের নালা নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রতি মিটার ১৬ হাজার টাকা। ২০৮/১২ প্যাকেজের ওই কাজের মাত্র ৯ দশমিক ১৪ মিটার ক্রস ড্রেন এবং ২০ দশমিক ১১ মিটার সড়কের পাশের ড্রেন নির্মাণে ব্যয় হয়েছে মাত্র পাঁচ লাখ ২২ হাজার ৮৪০ টাকা। কিন্তু তুলেছেন ৪২ লাখ ৬৬ হাজার ৪৮৯ টাকা।
অভিযোগ রয়েছে, সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ এবং হিসাব শাখার কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদার কাজ না করেও অর্থ তুলতে সক্ষম হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার এবং এলাকাবাসী জানান, নূসরাত বিল্ডার্সের মালিক আলতাফ হোসেন তালুকদার প্রভাবশালী ঠিকাদার। তাঁর বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করেন না।
তবে ওই অভিযোগ অস্বীকার করে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. তারিকুল ইসলাম বলেন, ‘কোনো যোগসাজশ নেই। চলতি বিলে কিছুটা উনিশ/বিশ হতে পারে। যা চূড়ান্ত বিলে সমন্বয় করা হবে। তা ছাড়া কিছুদিন কাজ বন্ধ থাকলেও ঠিকাদার কাজ ফেলে চলে যায়নি। কালকে (আজ শুক্রবার) পুনরায় কাজ শুরু হবে।’
বরিশাল সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মরতুজা আবেদীন অভিযোগ করে বলেন, সাড়ে তিন কোটি টাকার কাজের মধ্যে মাত্র কয়েক মিটারের কাজ করা হয়েছে। ওই কাজে পাঁচ লাখ টাকার বেশি খরচ হয়নি। অথচ প্রায় অর্ধ কোটি টাকা তুলে নিয়ে গেছেন ঠিকাদার। কাজ বন্ধ রেখে অর্থ তোলা ঠিক হয়নি।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান বলেন, ‘ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হলেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই, এটা সত্য। কাজে সামঞ্জস্যতা নেই। তাঁর প্রথম একটি বিল পরিশোধ করা হয়েছে। তবে তাঁর মালামাল সাইটে রয়েছে। তা ছাড়া প্রথম রানিং বিল হিসেবে একটু বিল বেশি হয়ে থাকতে পারে।’