কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ না করেই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির অধীন টেস্ট রিলিফের (টিআর) বেশ কিছু প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রকল্প কমিটির সভাপতিরা এসব টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া হয়েছে। কাজ না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দুটি প্রকল্পের সভাপতিদের গত ৮ জুলাই কারণ দর্শানোর নোটিশও দিয়েছেন।
টিআর প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়ায় লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ১৪ জুলাই রায়পুর ইউএনওর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই সময় তিনি প্রকল্প তদারকি কর্মকর্তাদের (ট্যাগ অফিসার) দিয়ে টিআর, কাবিখা ও কাবিটার প্রকল্পগুলো সরেজমিন তদন্ত করতে ইউএনওকে নির্দেশ দেন।
উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার জানান, মাসিক সমন্বয় কমিটির সভায় টিআর প্রকল্পের অনিয়মের বিষয়টি উত্থাপন করা হয়েছে। কিছু ব্যক্তির অনিয়মের কারণে প্রকল্পের উন্নয়নকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। গত কয়েকদিন ছয়টি প্রকল্প এলাকায় গিয়ে কাজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার স্থানীয় লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাংসদ মোহাম্মদ নোমানকে টিআর প্রকল্পে ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়। গত এপ্রিল মাসে এ বরাদ্দ আসে। ওই বরাদ্দ দিয়ে ৬৪টি প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে সৌর (সোলার) প্যানেল স্থাপনের জন্য ৪৫টি প্রকল্প এবং মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিদ্যালয় সংস্কারের জন্য বাকি প্রকল্পগুলো দেওয়া হয়। ৩০ জুনের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ করার কথা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজ না করায় চরপাতা তোরাবিয়া জামে মসজিদে সৌর প্যানেল স্থাপন এবং বায়তুল মামুর জামে মসজিদ সংস্কার প্রকল্পের সভাপতিদের কারণ দর্শানোর নোটিশ করেছেন।
পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, চরপাতা তোরাবিয়া জামে মসজিদে সৌর প্যানেল স্থাপন প্রকল্পের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত শনিবার ওই মসজিদে গিয়ে দেখা গেছে, সৌর প্যানেল স্থাপন করা হয়নি। জানতে চাইলে প্রকল্পের সভাপতি রফিকুল ইসলাম বলেন, কয়েক দিনের মধ্যে সৌর প্যানেল স্থাপন করা হবে।
বায়তুল মামুর জামে মসজিদে সৌর প্যানেল স্থাপন প্রকল্পের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সৌর প্যানেল না বসিয়ে টাকা উত্তোলন করা হয়। প্রকল্পের সভাপতি আয়াত উল্যা বলেন, পরে সৌর প্যানেল স্থাপন করা হবে।রায়পুর এলএম পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরপাড় সংস্কার প্রকল্প বাস্তবায়নের জন্য এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত শনিবার সরেজমিনে দেখা গেছে, পুকুরপাড়ে নতুন করে কোনো কাজ করা হয়নি। প্রধান শিক্ষক আবুল কালাম জানান, পুকুরের পানি কমলে কাজ করানো হবে।
আহছান উল্যা জামে মসজিদের সোলারের জন্য ৩৫ হাজার টাকা ও মৌলভি আনোয়ার উল্যা চৌধুরী বাড়ির মসজিদে ৩৫ হাজার টাকা বরাদ্দ ছিল। ওই দুটি প্রতিষ্ঠানেও সৌর প্যানেল স্থাপন করা হয়নি। তবে প্রকল্পগুলোর সভাপতি নজরুল ইসলাম ও শরিফ উল্যা চৌধুরী বলেন, কিছুদিনের মধ্যে সৌর প্যানেল কেনা হবে।
পিআইও সাইফুল ইসলাম বলেন, কাজ না করে থাকলে তদন্ত করে প্রকল্প কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বরাদ্দের টাকা ফেরত দেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে।
রায়পুরের ইউএনও শারমিন আলম বলেন, ‘আমি কয়েকটি প্রকল্প দেখেছি। ওই সব স্থানে বরাদ্দ অনুযায়ী সৌর প্যানেল স্থাপন করা হয়নি। এ জন্য দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আর যাঁরা কাজ করেননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’