কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের (টিআর ও কাবিটা) চারটি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, প্রকল্প সভাপতিরা যথাযথভাবে রাস্তা সংস্কার না করেই টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেছেন। এ ছাড়া ১৩টি সৌর প্যানেল বিতরণের কথা থাকলেও তা করা হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে পিংনা ইউনিয়নের জন্য চারটি প্রকল্প বাস্তবায়নে ৬ লাখ ৬১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে দুটি প্রকল্পে ১৩টি সৌর প্যানেল স্থাপনের জন্য (সৌরবিদ্যুৎ) ৪ লাখ ৬৮ হাজার টাকা এবং অপর দুটি প্রকল্পে রাস্তা সংস্কারের জন্য ১ লাখ ৯৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। মে মাসে প্রকল্পের কাজ শুরু করা হয়। ৩০ জুনের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা।
পিআইওর কার্যালয় সূত্রে জানা গেছে, পিংনা ইউনিয়নের ফুলদহেরপাড়া হাকিম মাস্টারের বাড়ি থেকে কাদের মেম্বারের বাড়ি পর্যন্ত ৩০০ মিটার রাস্তা সংস্কার প্রকল্পে বরাদ্দ ছিল ১ লাখ ৪৮ হাজার টাকা। প্রকল্প সভাপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন। তবে রাস্তা সংস্কার না করেই প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ১৪ জুন প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে, ওই রাস্তায় মাটি ফেলা হয়নি। এ সময় কথা হয় পিংনা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুল কাদেরের সঙ্গে। তিনি বলেন, ‘কয়েকজন শ্রমিক দু-তিন দিন কাজ করেছিল। রাস্তা আগের মতোই রয়েছে। আমাদের ভোগান্তি কমেনি।’
আরেকটি প্রকল্প নলসন্ধ্যা জামাল সেকের বাড়ি থেকে সুমতুল্লার বাড়ি পর্যন্ত ১০০ মিটার রাস্তা সংস্কারের জন্য ৪৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প সভাপতি ছিলেন পিংনা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম। ১৪ জুন ওই প্রকল্প এলাকায় গিয়ে রাস্তার জন্য মাটি কাটার চিহ্ন পাওয়া যায়নি। নলসন্ধ্যা গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘রাস্তায় কোনো মাটি ফেলা হয়নি। খানাখন্দ রয়েছে। ঠিকমতো কাজ হলে হেঁটে আমরা স্বস্তি পেতাম।’ তবে প্রকল্প সভাপতি সাইফুল ইসলামের দাবি, অল্প টাকা বরাদ্দ, তাই কাজও হয়েছে অল্প।
এ ছাড়া ইউনিয়নের সাতটি মসজিদ ও বাঘআছড়া গ্রামের ছয়টি গরিব পরিবারের মাঝে সৌর প্যানেল বিতরণের কথা বলা হলেও তা কেউ পায়নি। ২ নম্বর ওয়ার্ডের কাওয়ামারা রিয়াজ মণ্ডলের বাড়ি জামে মসজিদের ইমাম রফিকুল ইসলাম বলেন, ‘মসজিদে কেউ সোলার প্যানেল দেয়নি। গ্রামবাসীর কাছ থেকে চাঁদা তুলে কিনেছি।’ বারইপটল সেলিম মাস্টারের বাড়ি জামে মসজিদের সভাপতি আবদুর রহমান জানান, মসজিদে সোলার প্যানেল দেওয়ার কথা ছিল। কিন্তু তা দেওয়া হয়নি। অন্য পাঁচটি মসজিদের পরিস্থিতিও একই রকম। অন্যদিকে বাঘআছড়া গ্রামে কোনো সৌর প্যানেল বিতরণ করা হয়নি।
এসব অভিযোগ সম্পর্কে পিংনা ইউপির চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন বলেন, ‘সোলার প্যানেল দেওয়া হয়নি, পরে দেওয়া হবে। রাস্তায় কিছু মাটি কাটা হয়েছে। প্রকল্পে কিছু অনিয়ম হয়ে থাকলে তা পরবর্তী প্রকল্প দিয়ে পুষিয়ে দেওয়া হবে।’
পিআইও হামিদুল হক জানান, ইউপি চেয়ারম্যান কয়েকটি সোলার প্যানেল বিতরণ করেননি। সেগুলো বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।