কাজ না করেই টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের চারটি প্রকল্পের কাজ না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ বরাদ্দ হিসেবে স্থানীয় সাংসদ এসব প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ দিয়েছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, ২০১৫-১৬ অর্থবছরে কাজের বিনিময়ে টাকার (কাবিটা) কাজের দ্বিতীয় পর্যায়ের বরাদ্দে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন আটটি প্রকল্প দেন। এর মধ্যে চারটির অধীনে রাস্তা নির্মাণ, মাটি ভরাট এবং অন্য চারটি প্রকল্পে ধর্মীয় ও শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সৌর প্যানেল স্থাপনের কাজ ছিল। মাটির কাজের চারটি প্রকল্পে বরাদ্দ ছিল সাড়ে ১১ লাখ টাকা। গত জুনে এসব প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও সৌর প্যানেল স্থাপন ছাড়া কোনো প্রকল্পের কাজ হয়নি। তবে সবগুলোরই টাকা তুলে নিয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটি।
প্রকল্পের মধ্যে জামালগঞ্জ সদর ইউনিয়নের রঞ্জিত বাবুর বাড়ির পাশে পাকা সড়ক থেকে লাল মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, জামালগঞ্জ জি সি আর রাস্তা থেকে লালনের বাড়ির রাস্তা উন্নয়ন ও পঞ্চায়েত বাড়ির নদীভাঙন মেরামত কাজ, ভীমখালি ইউনিয়নের মল্লিকপুরের রাস্তা থেকে কামলাবাজ গ্রামের নুরুদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়ন, সাচনাবাজার ইউনিয়নের সাচনাবাজার-রামনগর বাজার পাকা রাস্তা থেকে জামলাবাজ গ্রামের রাস্তা নির্মাণ এবং সাচনাবাজার ইউনিয়নের নুরপুর পাকা রাস্তা থেকে মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত রাস্তার নির্মাণকাজ ছিল।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, প্রথম তিনটি প্রকল্পের কোনো কাজই হয়নি। জামালগঞ্জ জি সি আর সড়ক থেকে লালনের বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়নে যে প্রকল্পের কথা বলা হয়েছে, সেই রাস্তার অস্তিত্বই পাওয়া যায়নি। শুধু শেষের প্রকল্পটির কাজে রাস্তায় মাটি ফেলা শুরু হয়েছে।
এ কাজের তদারকে থাকা নুরপুর গ্রামের হারুন মিয়া বলেন, উপজেলা থেকে চাপ দেওয়ায় তিন দিন আগে তাঁরা কাজ শুরু করেছেন।
প্রকল্পের সভাপতি নুরপুর গ্রামের সায়েম পাঠান বলেন, ‘বন্যার পানি থাকায় নির্ধারিত সময়ে কাজ করা যায়নি। একটি প্রকল্পের কাজ শুরু করেছি। অন্যটির কাজও করব।’
একই গ্রামের মোহাম্মদ আলী, দীনেশ চন্দ্র দাস ও কৃষ্ণকান্ত তালুকদার বলেন, কাজ না করেই টাকা মেরে দেওয়ার চিন্তায় আছে প্রকল্প বাস্তবায়ন কমিটির লোকজন। এ বিষয়ে তাঁরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভীমখালি ইউনিয়নের মল্লিকপুরের রাস্তা থেকে কামলাবাজ গ্রামের নুরুদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণকাজের প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক নূর উদ্দিন। তিনি বলেন, ‘যখন কাজ করব তখন তো পানি ছিল। টাকা সভাপতির কাছে জমা আছে। এখন কাজ করব।’
সাংসদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমি তো প্রকল্প দিয়েছি। সেগুলোর কাজ করবে কমিটি। কাজ হলো কি হলো না, সেটা দেখার দায়িত্ব পিআইওর। তারপরও আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
পিআইও সাহাদাৎ হোসেন ভূঞা বলেন, ‘বন্যাসহ নানা কারণে মাটি ভরাটের কাজগুলো সময়মতো হয়নি। তাই কমিটির লোকজনের কাছ থেকে লিখিত নিয়ে টাকা দেওয়া হয়েছিল। এখন দ্রুত কাজ শুরু করতে বলা হয়েছে। কেউ কাজ না করলে সরকারি কোষাগারে টাকা ফেরত নেওয়া হবে।’