যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে টেকা ও মুক্তেশ্বরী নদীতে বাঁশের বেড়া অপসারণের কথা থাকলেও তা না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই লক্ষ্যে টেকা নদীর উজানে কচুরিপানা পরিষ্কারের কথা থাকলেও তা করা হয়েছে নামকাওয়াস্তে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যশোর কার্যালয়ের একটি ‘প্যাকেজের’ অধীনে ওই কাজ করা হয়। এতে ৩ লাখ ৯৪ হাজার টাকা ব্যয় করা হয়। প্যাকেজটির সভাপতি ছিলেন অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত। গত ৩০ জুন কাজটির মেয়াদ শেষ হয়েছে।
তবে চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত বলেন, ‘টেকা নদীর পাঁচ-ছয় কিলোমিটারজুড়ে কচুরিপানা ছিল। আমরা তা অপসারণ করেছি। যত দূর সম্ভব বেড়া অপসারণ করার চেষ্টা করেছি। এটা ছিল চলমান প্রক্রিয়া। অনেক দিন ধরে আমরা এই কাজ করেছি। যথাযথভাবে কাজ করা হয়েছে। কোনো অনিয়ম হয়নি।’
এলাকাবাসী বলেন, যশোরের চৌগাছা উপজেলার পাশে মজ্জাতের বাঁওড়ের বিপরীত দিকে ভৈরব নদ থেকে উৎপত্তি হয়ে মুক্তেশ্বরী নদী যশোর সদর ও মনিরামপুর উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর অভয়নগরের গোঘাটা নামক স্থানে এটি টেকা নাম ধারণ করেছে। টেকা ভবানীপুর এলাকায় শ্রী নদীতে পতিত হয়েছে। শ্রী কিছু দূর এগিয়ে মনিরামপুর উপজেলার কপালিয়ায় হরি নদীর সঙ্গে মিশেছে। হরি খুলনার ডুমুরিয়া উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে গ্যাংরাইল নদীতে পতিত হয়েছে। সাগর থেকে আসা জোয়ার প্রতিদিন দুবার নদীগুলো দিয়ে ভবদহ অঞ্চলে ঢোকে, আবার একইভাবে ভাটায় সাগরে ফিরে যায়।
স্থানীয় লোকজন বলেন, মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী দিয়ে যশোর শহরসহ ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশিত হয়। জোয়ারের সঙ্গে সাগর থেকে আসা পলি জমে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদীর বুক উঁচু হয়ে গেছে। এ কারণে ঠিকমতো পানি নিষ্কাশিত হয় না। তার ওপর নদীতে প্রচুর কচুরিপানা জমে। মাছ ধরার জন্য নদীর মধ্যে আড়াআড়িভাবে বাঁশের তৈরি বেড়াও দেওয়া হয়। এ কারণে নদী দিয়ে যেটুকু পানি প্রবাহিত হওয়ার কথা ছিল, তা-ও কচুরিপানা ও বেড়ার কারণে দারুণভাবে বাধাগ্রস্ত হয়। তাই ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করে।
পাউবোর যশোর কার্যালয় সূত্রে জানা যায়, ভবদহের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে পাউবো কয়েকটি প্যাকেজ হাতে নেয়। এসব প্যাকেজের মধ্যে ছিল হরি ও শ্রী নদীতে আপত্কালীন পাইলট চ্যানেল খনন, ভবদহ স্লুইসগেট সংস্কার, টেকা নদীর কচুরিপানা এবং টেকা ও মুক্তেশ্বরী নদীর বাঁশের বেড়া অপসারণ। এর মধ্যে ২০১৬-১৭ অর্থবছরে শেষের প্যাকেজটির কাজ করা হয়। গত ৩০ জুন কাজের মেয়াদ শেষ হলে টাকা উত্তোলন করা হয়।
তবে এলাকাবাসী বলছেন, ওই প্যাকেজের অধীনে টেকা নদী থেকে নামমাত্র কচুরিপানা অপসারণ করা হয়েছে। আর টেকা ও মুক্তেশ্বরী নদী থেকে বাঁশের বেড়া অপসারণ করা হয়নি।
অভয়নগরের বারান্দী গ্রামের মাসুদ হাসান বলেন, নদী থেকে বাঁশের বেড়া অপসারণ করা হয়নি। শুধু অল্প পরিমাণ কচুরিপানা ওঠানো হয়। এই করেই সব টাকা তুলে নেওয়া হয়েছে। ঠিকমতো কাজ করা হলে অনেক বেশি পরিমাণ পানি নিষ্কাশিত হতো। এলাকার এত বাড়িঘর পানিতে তলিয়ে যেত না।
কালিশাকুল গ্রামের ভবেশ হালদার বলেন, যে সময় নদী থেকে কচুরিপানা তোলা হচ্ছিল, সে সময় জোয়ারের সঙ্গে লোনা পানি আসায় সব কচুরিপানা মরে যায়। পরে তা আর পরিষ্কার করা হয়নি।
নদী থেকে কচুরিপানা অপসারণে শ্রমিকের কাজ করেন দামুখালী গ্রামের মিলন হালদার। তিনি বলেন, ‘গত মার্চে ২৫ জন শ্রমিক ১৫ দিন ধরে টেকা নদীর ভবদহ স্লুইসগেট থেকে কালীতলা পর্যন্ত এক কিলোমিটার এলাকার কচুরিপানা অপসারণ করি। এরপর জোয়ারের স্রোতে সব পানা ওপরের দিকে চলে গিয়েছিল।’
জানতে চাইলে পাউবোর যশোর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শাহীনা পারভীন বলেন, ‘টেকা নদী থেকে কচুরিপানা অপসারণ করা হয়েছিল। তা ছাড়া আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে কয়েকবার টেকা ও মুক্তেশ্বরী নদী থেকে বেড়া উচ্ছেদ করেছি। পরে তারা আবার বেড়া দিয়েছে।’