কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কাজ না করেই কর্মসৃজন কর্মসূচির সিংহভাগ টাকা উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সারোয়ার আলম এ প্রকল্পের অনুকূলে অধিকাংশ টাকা উত্তোলন করার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ধলা ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির (৪০ দিন) আওতায় মাটি কেটে চান্দুখালী কুড়পাড় থেকে বর্ণি নদী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য ৮ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ করা হয়।
এ টাকা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রকল্পের সভাপতি হলেন ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লুৎফুর রহমান। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ১০৬ জন শ্রমিক তালিকাভুক্ত করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি ২০০ টাকা। শ্রমিকদের প্রত্যেকের নামে সোনালী ব্যাংক তাড়াইল শাখায় পৃথক হিসাব খোলা হয়েছে।
অভিযোগ রয়েছে, প্রকল্পের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজেদের পছন্দের লোককে শ্রমিক দেখিয়ে তাঁদের নামে ব্যাংক হিসাব খুলেছেন। পরে প্রকল্পের সভাপতি কৌশলে এসব শ্রমিকের হিসাব নম্বর থেকে টাকা উত্তোলন করে নিজেদের মধ্যে ভাগাভাগি করছেন।
গত ২৪ জানুয়ারি ওই প্রকল্পে গিয়ে কোনো শ্রমিক পাওয়া যায়নি। এ ছাড়া গতকাল শনিবার দুপুরে গিয়েও কোনো শ্রমিকের দেখা মেলেনি। নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার কাজ বন্ধ। বাকি পাঁচ দিন কাজ করার কথা। ওই প্রকল্পের ৪০ দিন সময়ের মধ্যে গতকাল শনিবার পর্যন্ত ৩৬ দিন অতিবাহিত হয়েছে।
প্রকল্প এলাকার দুই কিলোমিটার রাস্তার মধ্যে ইতিমধ্যে প্রায় ৪০০ গজ অংশে সামান্য মাটি ফেলা হয়েছে। অবশিষ্ট রাস্তায় মাটি কাটার কোনো আলামত পাওয়া যায়নি। কিন্তু ইতিমধ্যে শ্রমিকের মজুরি বাবদ প্রায় ছয় লাখ টাকার বিল দেওয়া হয়েছে।
তেউরিয়া গ্রামের দিনমজুর সাইকুল ইসলাম (৩৫) ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমি গিরব মানুষ, মানুষের বাড়িতে কাজ করি। মাটিও কাটি। কিন্তু, চেয়ারম্যান-মেম্বার আমার নামড্যা দেয় নাই। নাম দিলে কাম কইর্যা টেহা পাইতাম।’
একই গ্রামের তারা মিয়া (৬০) বলেন, ‘তিন-চার দিন দেখছি আট-দশজন মানুষ মাটি কাটছে। হেরা কারা চিনি না।’ একই ধরনের কথা বলেন, রেনু মিয়াসহ (৪৫) আরও অনেকেই।
এ ব্যাপারে প্রকল্প সভাপতি মো. লুৎফুর রহমান জানান, পিআইওসহ অনেক ব্যক্তিকে টাকা দিতে হচ্ছে। যার কারণে সঠিকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তবে তালিকার বাইরে থেকে শ্রমিক এনে কাজ করানোর বিষয়টি তিনি স্বীকার করেন। ব্যাংক থেকে কীভাবে শ্রমিকের টাকা উত্তোলন করা হচ্ছে জানতে চাইলে মুচকি হেসে তিনি বলেন, ‘আমি প্রকল্পের সভাপতি না খেলার পুতুল বুঝতে পারছি না।’
এ ব্যাপারে ধলা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন জানান, ‘সিস্টেম করতে গিয়ে কিছু এদিক-সেদিক হয়েছে। মেম্বারকে ভালোভাবে কাজ করার জন্য বলব।’
পিআইও মো. সারোয়ার আলম বলেন, ওই প্রকল্পের অনুকূলে প্রায় ছয় লাখ টাকা ছাড় করা হয়েছে। আপনি কি প্রকল্প এলাকায় গিয়ে কাজের অগ্রগতি দেখেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফাইল নোট না দেখে অগ্রগতি সম্পর্কে কিছু বলা যাবে না। টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি জানান, কাজের অসংগতি পেলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আকতার প্রথম আলোকে বলেন, ‘কোনো কাজেই অনিয়ম মেনে নেওয়া হবে না। প্রকল্প এলাকা পরিদর্শন করব। কাজের গরমিল পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’