কাজ না করেই বিল উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) কাজ বাস্তবায়িত না হলেও ঠিকাদারদের বিল ছাড় করার অভিযোগ উঠেছে। অর্থবছর শেষ হয়ে যাওয়ার অজুহাতে ওই বিল ছাড় করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায়।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে এডিপির আওতায় গত মার্চ মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৯টি প্যাকেজে ৩৬টি প্রকল্প বাস্তবায়নের জন্য ৪১ লাখ ৪৪ হাজার ৩০০ টাকার দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের কক্ষ, ফটক, সীমানাপ্রাচীর নির্মাণ ও সংস্কার, নির্মাণসামগ্রী সরবরাহ, কাঁচা রাস্তায় ইট বিছানো (এইচবিবি হেরিংবোন ব্রিক), কমিউনিটি ক্লিনিকে স্যানিটারি ল্যাট্রিন নির্মাণসহ কিছু উন্নয়ন কাজ রয়েছে। গত ৬ এপ্রিল লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগের পর মাসের শেষ দিকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে ঠিকাদারদের কাজ শেষ করার কথা ছিল।

এডিপির আওতায় উপজেলা প্রকৌশলীর কার্যালয় কাশীপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট কমিউনিটি ক্লিনিকে ল্যাট্রিন নির্মাণে দরপত্র আহ্বান করে। দেড় লাখ টাকা চুক্তিমূল্যে রানীশংকৈলের জি এস এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে উপজেলা প্রকৌশলী কার্যাদেশ দেন। ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও গত সোমবার আরাজী চন্দন চহট কমিউনিটি ক্লিনিকে দেখা গেছে, সেখানে ঠিকাদার কোনো কাজ করেননি। শুধু কিছু ইট ও বালু ফেলে রেখেছেন।

এই কাজের ঠিকাদার মোস্তাফিজুর রহমান বলেন, ‘জুন ক্লোজিংয়ে যাতে বরাদ্দ ফেরত না যায় সে জন্য বিল উত্তোলন করেছি। তবে কিছু দিনের মধ্যেই কাজটি শেষ হয়ে যাবে।’

উপজেলার লেহেম্বা ইউনিয়নের নিয়ানপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় সংস্কারের জন্য রানীশংকৈলের বসাক এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু বিদ্যালয়টি সংস্কার করা হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, বিদ্যালয় সংস্কারকাজের কথা তাঁর জানা ছিল না। তবে বিদ্যালয়ের নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাঁকে জানিয়ে ৭ হাজার ইট পাঠিয়ে দেন।

ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট জুনিয়র বিদ্যালয়ের ঘর মেরামতের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বালিয়াডাঙ্গীর মেসার্স অনন্যা এন্টারপ্রাইজ। কার্যাদেশ নিলেও ঠিকাদার কাজ করেননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, বিদ্যালয়ের ঘর মেরামতে ১ লাখ টাকা বরাদ্দ থাকলেও ঠিকাদার কাজ না করে তাঁদের হাতে ৪৮ হাজার টাকা দিয়ে চলে যান।

হোসেনগাঁও ইউনিয়নের মরদিঘী জামে মসজিদ সংস্কারে বালিয়াডাঙ্গীর সিয়াম এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি হয় উপজেলা প্রকৌশল দপ্তরের। কিন্তু ঠিকাদার সেখানে কাজ করেননি। প্রকল্প বাস্তবায়নে দেড় লাখ টাকা বরাদ্দ থাকলেও ঠিকাদার রানীশংকৈলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমানের মাধ্যমে ওই মসজিদে ৭০ কেজি রড, ১০ বস্তা সিমেন্ট, ১ হাজার ইট ও পাঁচ দিনের শ্রমিক খরচ পাঠিয়ে দেন। মসজিদ কমিটির সভাপতি আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা দূর্গামণ্ডপ সংস্কারে রানীশংকৈলের ঠিকাদার মিজানুর রহমান চুক্তি করলেও কাজ বাস্তবায়ন না করে তিনি মণ্ডপ কমিটির হাতে ৩৫ হাজার টাকা দিয়ে দায়িত্ব শেষ করেছেন।

রানীশংকৈল উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম বলেন, এডিপির প্রায় সব কাজ বাস্তবায়ন করা হয়েছে। জটিলতায় একটি প্রকল্প এখনো শেষ হয়নি। তবে জুন ক্লোজিংয়ের কথা ভেবে বিল পরিশোধ করে দেওয়া হয়েছে। কিন্তু কাজের বিপরীতে জমা দেওয়া ব্যাংক ড্রাফটটি আটকে রাখা হয়েছে। কাজ না করে প্রকল্পের আংশিক টাকা প্রতিষ্ঠানে দেওয়া প্রসঙ্গে তারেক বিন ইসলাম বলেন, জনবল-সংকটে সব কাজ দেখা সম্ভব হয় না। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র পেয়েই তাদের বিল দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আইনুল হক বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।