বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেরামতকাজ না করেই ঠিকাদার অর্ধেকের বেশি বিল তুলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর গত শুক্রবার ঠিকাদার নামমাত্র কাজ করতে এলে তা বন্ধ করে দেন পৌরসভার কাউন্সিলরসহ স্থানীয় ব্যক্তিরা।
স্থানীয় লোকজন, কাজের প্রাক্কলন ও হাসপাতাল সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি, বৈদ্যুতিক ও সড়ক মেরামতের জন্য বরিশাল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০১৫-১৬ অর্থবছরে প্রায় ১৪ লাখ ২২ হাজার ৫০০ টাকার একটি প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্প বাস্তবায়নে গত মে মাসের প্রথম দিকে দরপত্র আহ্বান করা হয়। পরে মেসার্স গোলন্দাজ এন্টারপ্রাইজকে এর কার্যাদেশ দেওয়া হয়।
গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম রাসেল মিয়া এবং স্থানীয় জুলহাস সরদার ও মো. সোহেল জানান, কোনো কাজ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবদুস সালাম প্রায় ৯ লাখ টাকা বিল উত্তোলন করেছেন, যা মোট বিলের ৬০ শতাংশ। গত শুক্রবার সড়ক মেরামতের কাজ করতে ঠিকাদার শ্রমিক নিয়ে এলে কাউন্সিলর ও স্থানীয় ব্যক্তিরা কাজ বন্ধ করে দেন।
সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের পুকুরের ভাঙন রোধে ১২১ মিটার প্যালাসাইডিং করার কথা থাকলেও ৩-৪ মিটার প্যালাসাইডিং করা হয়েছে। পুকুরের পশ্চিম পাশ থেকে চিকিৎসকদের কোয়ার্টার পর্যন্ত সড়কটি নতুন করে করার থাকলেও তা না করে সামান্য কিছু অংশ মেরামত করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী রিয়াজ উদ্দিন, আ. আজিজসহ কয়েকজন বলেন, হাসপাতালটি নির্মাণের পর প্রায় ২৫-৩০ বছর পার হলেও কখনোই স্যানিটারি ও বৈদ্যুতিক ব্যবস্থার সংস্কার করা হয়নি। তাই এগুলো ব্যবহারের অনুপযোগীসহ বৈদ্যুতিক তারগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মেরামতকাজে পুরোনো তার পরিবর্তন করে নতুন তার দেওয়ার কথা রয়েছে এবং প্রাক্কলনে তা ধরা হয়েছে। কিন্তু ঠিকাদার তার পরিবর্তন না করে শুধু কিছু সুইচ ও সকেট পরিবর্তন করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চিকিৎসক বলেন, ঠিকাদার স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কারকাজে চরম অনিয়ম ও দুর্নীতি করেছেন। নামমাত্র সংস্কার হয়েছে। বাস্তবে কোনো কাজই হয়নি। রোগী, চিকিৎসকসহ সাধারণ মানুষের যে দুর্ভোগ ছিল, তা-ই আছে। প্রকল্প বাস্তবায়নের নামে ঠিকাদার লাভবান হয়েছে।
ঠিকাদার আবদুস সালাম বলেন, কাজে অনিয়ম ও দুর্নীতি হয়নি। প্রাক্কলনের নির্ধারিত কাজ করার পরিবর্তে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে ভিন্ন কাজ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশুতোষ গৌতম বলেন, ‘ঠিকাদার যে কাজ করেছেন, তা মোটেই সন্তোষজনক নয়। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কাজ না করেই কীভাবে বিল দেওয়া হলো, তা বোধগম্য নয়।’
বরিশাল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, ‘যে পরিমাণ কাজ করা হয়েছে, তারই চলতি বিল পরিশোধ করেছি। প্রাক্কলন অনুযায়ী কাজ আদায় না করা পর্যন্ত চূড়ান্ত বিল দেওয়া হবে না।’