কাজ নামমাত্র, কিন্তু বিলের জন্য সুপারিশ!
কাজ হয়েছে নামমাত্র। তবে কাজ শেষ হয়েছে উল্লেখ করে ঠিকাদারকে চূড়ান্ত বিল দেওয়ারও সুপারিশ করা হয়েছে। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিদর্শন করে দেখেন, কাজ শেষ হয়নি। শেষে বিল আটকে দেওয়া হয়।
ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদের জোড়াবাড়ী ভবনের সংস্কার ও পানির পাইপলাইন মেরামতের কাজের ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ৪ ডিসেম্বর মেসার্স ফারুক এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে সোনাগাজী উপজেলা পরিষদের জোড়াবাড়ী ভবনের (দ্বিতীয় তলা) সংস্কার ও পানির পাইপলাইন মেরামতের জন্য কার্যাদেশ দেওয়া হয়। কোটেশন বিজ্ঞপ্তির মাধ্যমে দুই লাখ ৫০ হাজার টাকার কাজটি দেওয়া হয়। কিন্তু সংস্কার কিংবা পানির পাইপলাইন মেরামত না করে প্রথম চলতি বিল হিসেবে ঠিকাদারকে (ভ্যাট ও আয়কর বাদ দিয়ে) গত ৯ জুন এক লাখ ২৯ হাজার ৭২৭ টাকার চেক দেওয়া হয়।
সূত্র জানায়, গত ২২ জুন উপজেলা প্রকৌশলী সংশ্লিষ্ট ঠিকাদারকে চূড়ান্ত বিল পরিশোধের সুপারিশ করেন। এতে তিনি কাজের গুণগত মান ভালো বলে উল্লেখ করেন। একই দিন ভ্যাট ও আয়কর বাদ দিয়ে এক লাখ তিন হাজার ১১ টাকার চূড়ান্ত বিল তৈরি করে কাজের অগ্রগতি ১০০% উল্লেখ করে অনুমোদনের জন্য ইউএনওর কাছে পাঠান তিনি। এরপর ইউএনও সরেজমিনে দেখেন, কাজ হয়নি। পরে তিনি বিল আটকে দেন।
সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে প্রথম চলতি বিলের টাকাও অন্যায়ভাবে দেওয়া হয়েছে। এখন আবার চূড়ান্ত বিল দেওয়ার সুপারিশ করা হয়েছে। অথচ কাজ হয়েছে ১০ শতাংশের মতো। কিন্তু উপজেলা প্রকৌশলী ফাইলে ‘কাজের গুণগত মান সন্তোষজনক’ হয়েছে উল্লেখ করে চূড়ান্ত বিল দেওয়ার সুপারিশ করেন।
ইউএনও লুৎফুন নাহার বলেন, কাজ হয়নি বলে বিল আটকে দেওয়া হয়েছে। এখন কাজটি অন্য ঠিকাদার দিয়ে করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেন চৌধুরী চূড়ান্ত বিলের জন্য সুপারিশ করার কথা স্বীকার করেছেন।