কাজ বন্ধ, শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারধর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে বগুড়ার ধুনট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ (৩৫) ছয়জনের বিরুদ্ধে গত মঙ্গলবার মামলা করেছেন যমুনার তীর সংরক্ষণ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
ঠিকাদারি প্রতিষ্ঠান ও পুলিশ সূত্রে জানা গেছে, ধুনটে ভান্ডারবাড়ী ইউনিয়নের যমুনা নদীর ভাঙনরোধে ২০১৩-১৪ অর্থবছরে প্রায় ৪৬ কোটি টাকার ভান্ডারবাড়ী থেকে পুকুরিয়া পর্যন্ত এক হাজার ২০০ মিটার ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়। প্রকল্পের কাজে ব্যবহারের জন্য ভান্ডারবাড়ী উচ্চবিদ্যালয়ের উত্তর পাশে ব্লক তৈরির কাজ চলছে। ব্লক তৈরির সময় প্রায় দুই মাস আগে প্রকল্পের কার্যালয়ে গিয়ে জাহাঙ্গীর আলম ব্লক তৈরি ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক টিটু মিয়ার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টিটু টাকা দিতে অস্বীকার করেন। এতে জাহাঙ্গীর ক্ষিপ্ত হন। পরে গত রোববার বেলা তিনটার দিকে ছয়-সাতজনের একটি দল প্রকল্প এলাকার কার্যালয়ে গিয়ে আবার চাঁদা দাবি করে। এ সময় টিটুর সঙ্গে জাহাঙ্গীর ও তাঁর লোকজনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জাহাঙ্গীর তাঁর হাতে থাকা পিস্তল টিটুর মাথায় ঠেকিয়ে মারধর করে ৭৫ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় টিটু গত মঙ্গলবার রাতে বাদী হয়ে জাহাঙ্গীর, তাঁর ভগ্নিপতি জুয়েল রানা (৩৮) ও চাচাতো ভাই ফারুক হোসেনসহ (৩০) ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। তবে আসামিরা গ্রেপ্তার না হওয়ায় প্রকল্পের কাজ বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান।
জাহাঙ্গীর আলম বলেন, ‘তীর সংরক্ষণ কাজের ব্লক তৈরির জন্য আমার একটি মিক্সচার মেশিন তাঁদের কাছে ভাড়া দিতে আমরা সেখানে যাই। কিন্তু তাঁরা আমার মেশিন ভাড়া না নেওয়ায় টিটুর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। পিস্তল ঠেকিয়ে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি।’
ঠিকাদার লিয়াকত আলী বলেন, আমার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে মারধর করে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনার পর থেকে প্রকল্পের ব্লক তৈরির কাজ বন্ধ রাখা হয়েছে। আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত প্রকল্পের কাজ বন্ধ রাখা হবে।’