কাজ শুরু না হলেও প্রকল্প শেষ দেখিয়ে টাকা উত্তোলন
রংপুরের কাউনিয়া উপজেলায় ২৪৩টি সোলার প্যানেল স্থাপন করার কাজ শেষ দেখিয়ে টিআর ও কাবিখার প্রায় ৭২ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। অথচ গত রোববার পর্যন্ত কাজ শুরুই হয়নি।
এদিকে সরকারের দেওয়া সোলার প্যানেল বাজারে কম দামে পাওয়া যাওয়ায় প্রকল্পের সভাপতিরা এ কাজে নগদ টাকা চাচ্ছেন। কিন্তু নগদ টাকা দেওয়ার বিধান না থাকায় এ প্রকল্পের কাজ আটকে আছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে সাধারণ টিআর (টেস্ট রিলিফ) কর্মসূচিতে ১৮ লাখ ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচিতে ১৬ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ আছে। এর পাশাপাশি সাংসদের অনুকূলে (বিশেষ বরাদ্দ) টিআর কর্মসূচিতে ১৯ লাখ ৬০ হাজার এবং কাবিখার বিপরীতে ১৭ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। অর্থাৎ মোট ৭১ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ আসে। এই টাকায় গত ৩০ জুনের মধ্যে উপজেলার হারাগাছ পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ১৪৬টি বসতবাড়ি, ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৮২টি মসজিদ ও ৬টি মন্দিরে সোলার প্যানেল স্থাপন করার কথা। কিন্তু গত রোববার পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, এসব সোলার প্যানেল লাগানোর কাজ এখনো শুরু হয়নি।
হারাগাছ বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের নামে একটি সোলার বরাদ্দ থাকলেও মসজিদ কমিটির লোকজন তা জানেন না। মসজিদের সভাপতি নাজির হোসেন বলেন, ‘এ ব্যাপারে আমরা কিছুই জানি না।’
বিধি অনুযায়ী, গত অর্থবছরের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করতে না পারলে প্রকল্পের টাকা সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। কিন্তু পিআইও সোলার প্যানেল স্থাপন না করেই গত ৩০ জুনের মধ্যে কাজ সম্পন্ন দেখিয়ে টিআর ও কাবিখার টাকা উত্তোলন করেছেন।
পিআইও আবদুল আজিজ বলেন, সোলার স্থাপনের জন্য গত ২৮ জুন বরাদ্দ আসে। এই টাকা ৩০ জুনের মধ্যে সরকার খরচ করতে বলে। এটা কি সম্ভব? তাই কাজ সমাপ্ত দেখিয়ে টাকা তুলে ব্যাংকে রাখা হয়েছে। সোলার স্থাপন করতে না পারলে টাকা ফেরত যাবে। টাকা আত্মসাতের প্রশ্নই আসে না।
পিআইও কার্যালয় সূত্রে জানা যায়, রুরাল সার্ভিস ফাউন্ডেশন (আরএসএফ) রহিমআফরোজের সোলার প্যানেল স্থাপন করে দেবে বলে চুক্তি হয়েছে। এ জন্য তালিকাও করা হয়। কিন্তু প্রকল্প সভাপতিরা এ কাজে আগ্রহ দেখাচ্ছেন না। কারণ, সরকার বাজারদরের প্রায় দ্বিগুণ দামে সোলার প্যানেল দেওয়ায় তাঁরা নগদ টাকা চাচ্ছেন।
সরকারের দেওয়া রহিমআফরোজের ৩০ ওয়াটের সোলার প্যানেলের দাম ধরা হয়েছে ১৮ হাজার ৪০০ টাকা ও ৫০ ওয়াটের দাম ২৮ হাজার ৭০০ টাকা। কিন্তু গত শনিবার রহিমআফরোজের এক বিক্রয় প্রতিনিধি জানিয়েছেন, ওই দিন ৩০ ওয়াটের সোলার প্যানেল বিক্রি হয়েছে ৯ হাজার ৮০০ টাকায়। আর ৫০ ওয়াটের ১৬ হাজার ৫০০ টাকায়।
আরএসএফের রংপুর অঞ্চলের ব্যবস্থাপক নাদিম ইকবাল বলেন, চুক্তি অনুযায়ী সরকার সোলার স্থাপনে ৫০ ভাগ টাকা অগ্রিম দেয়। এরপর কাজ শেষ হলে ৩০ ভাগ এবং ৫ বছরে ২০ ভাগ টাকা পরিশোধ করা হবে। পিআইও বলেন, দাম বেশি হলেও তাঁদের কিছু করার নেই। তাঁরা প্রকল্প কমিটিকে সোলার ছাড়া নগদ টাকা দিতে পারবেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেন বলেন, সোলার স্থাপন নিয়ে জটিলতা দেখা দেওয়ায় সময়মতো প্রকল্পের কাজ শুরু করা যায়নি। বিষয়টি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।