কাজ শেষ না হতেই কার্পেটিং উঠে গর্ত
পটুয়াখালীর লেবুখালী-বাউফল-দশমিনা-গলাচিপা সড়কের পুনর্নির্মাণকাজ শেষ হতে না হতেই বাউফল উপজেলার গোলাবাড়ী-কালাইয়া অংশের প্রায় চার কিলোমিটার সড়কের বিভিন্ন এলাকায় কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে জানা যায়, ছয় মাস আগে সড়কটির গোলাবাড়ী-কালাইয়া অংশের কাজ শেষ হয়। এর মধ্যেই ওই সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাচন দালাল মার্কেট এলাকা, থানা, গোলাবাড়ী, কোর্ট ভবন, টিঅ্যান্ডটি কার্যালয়, ফায়ার সার্ভিস কার্যালয়, দাশপাড়া হাফেজি মাদ্রাসা এলাকার সড়কে কার্পেটিং উঠে যাচ্ছে। ওই সব এলাকার অন্তত ৩০টি স্থানের কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া আরও বিভিন্ন জায়গার কার্পেটিং উঠতে শুরু করেছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে বাউফল-দুমকি এবং বাউফল-দশমিনা ভায়া গলাচিপা-আমরাগাছিয়া পর্যন্ত চারটি ছোট সেতু ও ২০টি আরসিসি বক্স কালর্ভাটসহ মোট ৮৬ কিলোমিটার মহাসড়ক পুনর্নির্মাণের জন্য ৯৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্র আহ্বানের পর পৃথক গুচ্ছে (প্যাকেজ) তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়।
শিডিউল অনুযায়ী ১৮ ফুট চওড়া সড়কটিতে ৩৮ মিলিমিটার পুরু (এমএম), ১২ ফুট কার্পেটিং সিলকোট ও দুই পাশে তিন ফুট করে সাত এমএম পুরু সিলকোট হওয়ার কথা।
নাম প্রকাশ না করার শর্তে সওজের এক প্রকৌশলী বলেন, শিডিউল অনুযায়ী কাজ না করার কারণে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। কার্পেটিংয়ে এক নম্বর ইটের খোয়া ব্যবহারের নির্দেশ থাকলেও তিন নম্বর ইটের খোয়া, মরা পাথর ব্যবহার করা হয়েছে। এ ছাড়া সড়কের মাঝখানে ৩৮ এমএম পুরু কার্পেটিং সিলকোটের পরিবর্তে কোথাও ৩০ এমএম, আবার কোথাও ৩৩ এমএম পুরু কার্পেটিং সিলকোট করা হয়েছে।
গোলাবাড়ী-কালাইয়া অংশের কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মাহফুজ এন্টারপ্রাইজের মালিক মাহফুজ খান অভিযোগ অস্বীকার করে বলেন, শিডিউল অনুযায়ী কাজ করা হয়েছে। অতিবৃষ্টির কারণে সড়কের যেসব এলাকায় গাছ আছে ওই সব এলাকার কিছু কিছু অংশ স্যাঁতসেঁতে হয়ে কার্পেটিং উঠে যেতে পারে।
সওজের পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, সরেজমিন পরিদর্শন করে খুব শিগগির এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।