কাজল বাহিনীর প্রধান পরিচয় দিয়ে চাঁদা দাবি
কুমিল্লা ক্লাবের ১৫ জন সদস্যের কাছে ছয় দিন ধরে মুঠোফোনে চাঁদা দাবি করছেন কথিত কাজল বাহিনীর প্রধান পরিচয়ধারী এক ব্যক্তি। ৯ নভেম্বর থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত ক্লাবের ১৫ জন সদস্যের কাছে ওই চাঁদা দাবি করা হয়।
চাঁদা না দিলে ওইসব সদস্য এবং তাঁদের সন্তানদের অপহরণের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার ক্লাবের সাধারণ সদস্য মোহাম্মদ জহিরুল হক কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেছেন।
ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হান্নান দাবি করেন, ৯ নভেম্বর থেকে বিভিন্ন সময়ে একটি এয়ারটেল ও একটি রবি মুঠোফোন নম্বর থেকে ক্লাবের ১৫ জন সদস্যের কাছে চাঁদা দাবি করা হয়। কথিত কাজল বাহিনীর প্রধান হিসেবে পরিচয় দিয়ে ওই চাঁদা দাবি করা হয়। এর মধ্যে কারও কাছে তিন লাখ, কারও কাছে এক লাখ টাকা দাবি করা হয়। তিনি জানান, সর্বশেষ গতকাল দুপুরে তাঁর মুঠোফোন নম্বরে ফোন আসে। ক্লাবের অন্তত তিনজন সদস্যের ধারণা, কুমিল্লা ক্লাবের ডাইরেক্টরি থেকে নম্বর সংগ্রহ করে একটি মহল ভয়ভীতি দেখানোর জন্য ওই চাঁদা দাবি করছে। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’