কাজি ও ইমামদের সহযোগিতায় বাল্যবিবাহ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কাজিদের সহযোগিতায় বাল্যবিবাহ হচ্ছে। কাজিদের সঙ্গে কতিপয় ইমামও বাল্যবিবাহ পড়াচ্ছেন। এতে বাল্যবিবাহ সহজে নির্মূল করা যাচ্ছে না।
গতকাল মঙ্গলবার বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ কর্মসূচির আওতায় বাল্যবিবাহ প্রতিরোধ প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নবাবগঞ্জে মহিলা-বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনে ওই প্রশিক্ষণ হয়।
ওই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মহিলা-বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাকিম আজাদ। এ অনুষ্ঠানে কাজি, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংসদ শিবলী সাদিক বলেন, বাল্যবিবাহ পড়ানোর জন্য অনেক অভিভাবক নিজ এলাকা থেকে অন্য এলাকায় এসে শিশুদের বিয়ে দিচ্ছেন। এক এলাকার বিয়ে অন্য এলাকায় যেন না হয়, সে বিষয়ে কাজিদের সতর্ক থাকতে হবে।