কাজির নিবন্ধন বই জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের নিকাহ নিবন্ধক (কাজি) আবু মুছার নিকাহ নিবন্ধন বই জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ। তিন মাসে ২০টি বাল্যবিবাহ নিবন্ধন করার অভিযোগে গতকাল সোমবার দুপুরে ওই বই জব্দ করা হয়।

ইউএনওর কার্যালয় সূত্র জানায়, কাজি আবু মুছা চলতি বছরের ২১ নভেম্বর বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ী আসমতপাড়া গ্রামের শহিদুল হকের মেয়ে আফতাবগঞ্জ দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াছমিন খাতুনের (১২) বিয়ে নিবন্ধন করেন। বিভিন্ন পত্রপত্রিকায় এ বাল্যবিবাহের খবর প্রকাশিত হলে ইউএনও ওই কাজিকে গতকাল সোমবার সকাল ১০টায় তাঁর কার্যালয়ে তলব করেন। কিন্তু আবু মুছা ওই মেয়েটির ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া জন্মনিবন্ধনপত্র ইউএনওকে দেখান। জন্মনিবন্ধন অনুযায়ী ২১ নভেম্বর মেয়েটির বয়স ছিল ১৮ বছর সাত মাস ১০ দিন। কিন্তু বাস্তবে মেয়েটির বয়স সর্বোচ্চ ১২ বছর।

সংশ্লিষ্ট দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘ওই মেয়েটির জন্মনিবন্ধন ২০০৬ সালে করা হয়। ভুল হলে তখনই হয়েছে।’

ইউএনও বলেন, ‘ইউনিয়ন পরিষদের সনদে মেয়েটির বয়স ১৮ বছরের বেশি হওয়ায় কাজির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে মহিলাবিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। সত্যতা পেলে পরে ব্যবস্থা নেওয়া হবে।’