কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্যের কাছে কিছু দাবিদাওয়া ছিল শিক্ষক ও কর্মচারী সমিতির। কিন্তু সেসব দাবি মেনে নেননি তিনি। এতেই ঘটেছে বিপত্তি। শিক্ষক ও কর্মচারী সমিতির নেতারা তাঁকে অপমান করেছেন। এমনকি পদত্যাগের চাপও দিয়েছেন। এ অভিযোগ খোদ উপাচার্যের। উপাচার্য পদত্যাগের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। কিন্তু শিক্ষকদের অপর একটি অংশ তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করায়। উপাচার্যকে অপমান করার প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষক সমিতির সভাপতির কক্ষ ভাঙচুর করেছেন।
এসব ঘটনা ঘটেছে গত সোমবার ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। উপাচার্য মোহীত উল আলমের সঙ্গে শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতির নেতাদের অশোভন আচরণের প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছেন। সমিতির সভাপতির কক্ষ ভাঙচুরের প্রতিবাদে গতকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছে শিক্ষক সমিতি। শিক্ষকদের দুটি পক্ষ ও শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির কারণে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক, কর্মকর্তা ও উপাচার্যের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা হয়। সভার আগেই শিক্ষক ও কর্মকর্তা সমিতির নেতারা উপাচার্যের কাছে নিয়োগসংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে কিছু দাবি তুলে ধরেন। কিন্তু তাঁদের দাবি মানা হয়নি।
দাবি না মানায় সোমবার সকালে শিক্ষক ও কর্মচারী সমিতির নেতারা উপাচার্যের কক্ষে যান। এ সময় শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইমলাম ও কর্মকর্তা সমিতির সভাপতি নজরুল ইসলাম উপাচার্যের সঙ্গে অশোভন আচরণ করেন। একপর্যায়ে তাঁরা উপাচার্যকে পদত্যাগের জন্য চাপ দেন। উপাচার্য পদত্যাগের সিদ্ধান্তও নেন। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের শিক্ষক ও শিক্ষার্থীরা এসে অনুরোধ করে উপাচার্যের সিদ্ধান্ত পরিবর্তন করান।
উপাচার্য অভিযোগ করেন, ‘অযৌক্তিক দাবিতে শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতির নেতারা আমার কক্ষে এসে অশোভন আচরণ করে আমাকে পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করেন। শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলামও আমার সঙ্গে খুবই খারাপ আচরণ করেন।’
সোমবার উপাচার্যকে পদত্যাগের জন্য চাপ দেওয়ার খবর ছড়িয়ে পড়লে দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলামের কক্ষে ভাঙচুর করেন।
অভিযোগ অস্বীকার করে তারিকুল ইসলাম বলেন, উপাচার্য নির্বাচিত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ না রেখে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের পরামর্শে সব সিদ্ধান্ত নেন। এ বিষয়ে কথা বলার জন্যই শিক্ষক ও কর্মকর্তা সমিতির নেতারা উপাচার্যের কক্ষে গিয়েছিলেন। তাঁকে কেউ পদত্যাগের কথা বলেননি। এমনকি কোনো অসৌজন্যমূলক আচরণও করা হয়নি।
গতকাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, উপাচার্যকে অপমান এবং পদত্যাগে চাপ প্রয়োগ করার প্রতিবাদে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছেন। শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ থেকে উপাচার্যকে অপমানকারী শিক্ষক মোল্লা আমিনুল ইসলাম, মো. তারিকুল ইসলাম ও অমিতা দাশকে উপাচার্যের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।
বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্য রেযোয়ান আহামেদ বলেন, সব শিক্ষকের সঙ্গে কথা না বলে শিক্ষক সমিতি ক্লাস বর্জনের ঘোষণা দিতে পারে না। তাই সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল স্বতঃস্ফূর্তভাবেই ক্লাসে অংশ নেন।
শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘আমরা কর্মবিরতি ঘোষণা করেছি। কিন্তু কিছু শিক্ষক যদি নির্বাচিত সমিতির সিদ্ধান্ত না মানেন, তা হলে সেটা তাঁদের ব্যাপার।’ শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হলেও সেখানে সাধারণ শিক্ষার্থীদের জোর করে অংশগ্রহণ করানো হয়।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাকিবুল হাসান হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতির নেতাদের অসৌজন্যমূলক আচরণ করার খবর পেয়ে সোমবার সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক সমিতির সভাতির কক্ষে ভাঙচুর করেন। গতকাল তাঁরাই উপাচার্যকে হেনস্তা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।