কাজী ফার্মস গ্রুপের বিরুদ্ধে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
ঠাকুরগাঁওয়ে কাজী ফার্মস গ্রুপ বদলি-ছাঁটাইয়ের মধ্য দিয়ে শ্রমিকদের নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঠাকুরগাঁও প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছে জেলা শ্রমিক ঐক্য পরিষদ।
সংবাদ সম্মেলনে গত রোববার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি গফুর ভূঁইয়া।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, স্বল্প বেতনে কাজী ফার্মস গ্রুপে কাজ করে ট্ত স্থানীয় শ্রমিকদের সংসার চলছিল। কিন্তু ছাঁটাই এবং দূরের এলাকায় বদলি করার মধ্য দিয়ে কাজী ফার্মস গ্রুপ কর্তৃপক্ষ তাঁদের ওপর নির্যাতন করেছে। জৈব নিরাপত্তার অজুহাত দেখিয়ে সম্প্রতি তারা ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ফিড মিলে দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করা ২৮ জন পুরুষ ও চারজন বিধবা নারী শ্রমিক ও গত ১৪ মার্চ পীরগঞ্জ উপজেলার হাবিবপুর হ্যাচারির ২৬ জন কুলি শ্রমিককে ছাঁটাই করে। এ ছাড়া শ্রমিক সংগঠনের সদস্যভুক্ত ৩৬ জন চালককে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়েছে, জেলা প্রশাসক সমস্যা সমাধানের জন্য কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানের সঙ্গে কথা বলে আন্দোলন কর্মসূচি স্থগিত করতে অনুরোধ করেন। কিন্তু তাঁর অসহযোগিতার কারণে সমাধানের উদ্যোগ থেকে জেলা প্রশাসক সরে দাঁড়ান। এতে আরও বলা হয়, ট্রাকপ্রতি ২০০ টাকা করে চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
কাজী ফার্মস গ্রুপের প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী শেখ ফয়সাল আলম বলেন, ‘জৈব নিরাপত্তার কারণে হ্যাচারিতে অস্থায়ী শ্রমিক কমানো হয়েছে। একই কারণে স্থানীয় কর্মীদের পাশের জেলাগুলোতে বদলি করা হয়েছে। বিষয়টি সমাধানে জেলা প্রশাসক উদ্যোগ নিয়েছেন। গতকাল (মঙ্গলবার) দুপক্ষের শুনানি আয়োজনের কথা ছিল। কিন্তু তিনি (জেলা প্রশাসক) গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় শুনানি হয়নি। আজ বুধবার শুনানি অনুষ্ঠানের কথা আছে।
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে সংকট নিরসনের উদ্যোগে অপারগতা জানানোর যে কথা বলা হচ্ছে তা ঠিক নয়। ৮ এপ্রিল দুপক্ষের সঙ্গে বসে মীমাংসার জন্য ১৫ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কাজী ফার্মস গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই দিন এখানে আসতে পারেনি। এতে শ্রমিক সংগঠনগুলো আবার ক্ষিপ্ত হয়ে আন্দোলন শুরু করে।