কাজীপুরে অবৈধভাবে বালু তুলছে আ.লীগ ও যুবলীগ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর চারটি স্থান থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা নিষেধাজ্ঞা অমান্য করে এই অপতৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কয়েকটি স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধের কাছ থেকেও বালু তোলা হচ্ছে। অথচ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বাঁধের কাছ থেকে বালু তোলা নিষিদ্ধ। বালু তোলার কারণে ওই এলাকায় নতুন করে নদীভাঙন শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাজীপুরে যমুনা নদীতে কোনো বালুমহাল নেই। অপরিকল্পিতভাবে বালু তুললে নদীর গতিপথ পরিবর্তিত হবে। এতে নতুন করে ভাঙন দেখা দেবে।
সরেজমিনে জানা গেছে, কাজীপুরে যমুনা নদীসংলগ্ন মেঘাই স্পার, নতুন মেঘাই, খুদবান্দি ও রতনকান্দি হাটসংলগ্ন চারটি স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এসব এলাকা থেকে প্রতিদিন ২০০-৩০০ ট্রাক বালু বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। খুদবান্দি ঘাট এলাকায় চর থেকে বালু কেটে সরাসরি ট্রাকে তোলা হচ্ছে। ইতিপূর্বে এই এলাকার মাছুয়াকান্দি, ফকিরপাড়া, পাটাগ্রাম, বিয়ারা, সিংগরাবাড়ী, খুকশিয়া ও সাউততলা গ্রামগুলো ভাঙনকবলিত ছিল। গত বছর সাউততলা থেকে খুকশিয়া পর্যন্ত প্রায় তিন বর্গকিলোমিটারে নতুন চর পড়ে। এতে ওই গ্রামগুলো ভাঙনের হাত থেকে রক্ষা পায়।
বিয়ারা গ্রামের শাহীন বলেন, বালু কাটার কারণে ওই এলাকায় নতুন করে ভাঙন শুরু হবে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা একজোট হয়ে বালু তুলছেন। এ ছাড়া মেঘাই, নতুন মেঘাই ও রতনকান্দি হাট এলাকায় খননযন্ত্র বসিয়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধের কাছ থেকে বালু তোলা হচ্ছে।
বালু কাটার শ্রমিক হযরত আলী বলেন, ‘নেতারা আমাদের যে জায়গা দেখিয়ে দিয়েছেন, সেখান থেকে বালু কেটে ট্রাকে ভরছি। প্রতিদিন ৩০০ করে টাকা করে মজুরি পাচ্ছি। এর বেশি কিছু জানি না।’
নতুন মেঘাই এলাকার বালু তোলার সঙ্গে জড়িত কাজীপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিপ্লব সরকার বলেন, বালু তোলার জন্য এলাকায় কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির ৩২ জন সদস্য একত্র হয়ে বালু তুলছেন।
মেঘাই স্পার এলাকায় বালু তোলার সঙ্গে জড়িত কাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আওয়াল বলেন, ‘বালু না তুললে সিসি ব্লক তৈরি হবে কীভাবে। তা ছাড়া যেখান থেকে বালু কাটা হচ্ছে, সেখান থেকে কাটলে নদীর কোনো অসুবিধা হবে না।
রতনকান্দি এলাকার বালু উত্তোলনকারীদের মধ্যে আলী হোসেন বলেন, ‘আমরা ৩৬ জন মিলে নিজেদের জমি থেকে বালু তুলছি। এতে অসুবিধা হওয়ার কথা নয়।’
কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, এলাকার লোকজন বালু তুলছেন। সহায়তাকারীরা দলীয় পদে থাকতে পারে। বন্যানিয়ন্ত্রণ বাঁধের উন্নয়নকাজের কথা ভেবে নদীর চর এলাকা থেকে বালু তোলা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার নাইন বলেন, যমুনা নদীর পশ্চিমে, অর্থাৎ ডান তীর থেকে বালু উত্তোলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল ইসলাম বলেন, বালু তোলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে।