কাজীপুরে নারীকে গলা কেটে হত্যা, মান্দায় নৈশপ্রহরী খুন
নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইসলামিয়া দারুল উলুম কওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নৈশপ্রহরী মনছুর রহমানকে (৩৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে ছুরিকাঘাতে আহত মনছুর গতকাল মঙ্গলবার ভোররাতে মারা যান। এ ছাড়া সিরাজগঞ্জের কাজীপুরে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
মান্দায় নিহত মনছুর উপজেলার ভালাইন গ্রামের আবদুল মালেকের ছেলে। এই ঘটনায় মনছুরের ভাই মজিদুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ভালাইন দারুল উলুম কওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৫০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ২৮ জন মাদ্রাসার হোস্টেলে থেকে পড়াশোনা করে। সম্প্রতি ভালাইন গ্রামের মনছুর রহমানকে অস্থায়ীভিত্তিতে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসাটির অবস্থান মনছুরের বাড়ির পাশেই। সোমবার রাতে বাড়িতে খাবার খেয়ে মাদ্রাসার বারান্দায় এসে শুয়ে পড়েন তিনি। রাত সাড়ে ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জখম অবস্থায় মনছুর চিৎকার করতে করতে মাদ্রাসা থেকে প্রায় ৩০০ গজ দূরে ভালাইন বাজারের দিকে ছুটে যান এবং সেখানে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল ভোর সাড়ে চারটার দিকে উন্নত চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মনছুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, এ ঘটনায় নিহত মনছুরের ভাই মজিদুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সিরাজগঞ্জের কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া গ্রামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁর নাম জাহানারা বেওয়া (৫০)। গত সোমবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। জাহানারা ওই গ্রামের মৃত আজিবরের স্ত্রী।
মামলার এজাহার ও নিহত নারীর পরিবার সূত্রে জানা গেছে, জাহানারা ঘরের বারান্দায় শুয়ে ছিলেন। ভোররাতে তাঁর গলা কাটা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ সকালে এসে লাশ উদ্ধার করে।
নিহত জাহানারার মেয়ে আর্জিনাখাতুন জানান, আট বছর আগে বরিশালের স্বরূপকাঠি উপজেলার বালিহারি গ্রামের আবদুল গাফফার মাঝির ছেলে আসলাম উদ্দীনের সঙ্গে তাঁর বিয়ে হয়। গত বছর তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। তাঁদের চার বছরের একটি সন্তান রয়েছে। আর্জিনাখাতুন বলেন, ‘আমার মায়ের কাছে থাকা (সন্তানের নানি) সন্তানকে ছিনিয়ে নেওয়ার জন্য আসলাম গত রমজান মাসের শেষের দিকে এলাকায় আসে। এতে মা বাধা দিলে সে ক্ষিপ্ত হয়। আমাদের ধারণা, আসলাম এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য মাকে গলা কেটে হত্যা করেছে।’
কাজীপুর থানার ওসি সমিত কুমার কুণ্ডু জানান, এ ঘটনায় নিহত জাহানারার ছেলে বেল্লাল হোসেন বাদী হয়ে আসলামসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে আসলাম পলাতক রয়েছেন।