কাজে বাধ্য করায় অসুস্থ নারী শ্রমিকের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় কারখানা কর্তৃপক্ষের অবহেলায় এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। অসুস্থ হয়ে পড়লেও কর্তৃপক্ষ তাসলিমা আক্তার (২৪) নামের ওই নারীকে কাজ করতে বাধ্য করে। গতকাল শুক্রবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ অভিযোগ আনা হয়।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আশুলিয়ার জামগড়া এলাকায় এসব কর্মসূচির আয়োজন করে। বেলা তিনটার দিকে ফ্যান্টাসি কিংডমের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রমিক সংহতির আশুলিয়া শাখার আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তাসলিমা আখ্তার, সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ রায় প্রমুখ।
তাসলিমা আখ্তার বলেন, জামগড়া এলাকার উইন্ডি গার্মেন্টসের শ্রমিক তাসলিমা আক্তার ১৩ অক্টোবর সকালে কারখানায় ঢোকার সময় চেতনা হারিয়ে ফেলেন। এ সময় তাঁকে কারখানার চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুটা সুস্থ হলে তাঁকে ছুটি না দিয়ে কাজে যোগ দিতে বাধ্য করে কারখানা কর্তৃপক্ষ। পরে দুপুরের খাবারের সময় তাসলিমা পুনরায় অচেতন হয়ে পড়েন। তাঁকে স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, এটিকে নিছক অসুস্থতা বা দুর্ঘটনাজনিত মৃত্যু বলার কোনো সুযোগ নেই। এটা অবহেলাজনিত হত্যাকাণ্ড। এর দায় মালিক ও সরকার উভয়ের। দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।
প্রদীপ রায় বলেন, মালিকপক্ষ তাসলিমার পরিবারকে বেতন, ছুটি ও বিমার টাকাসহ প্রায় চার লাখ টাকা দিয়েছে। এই সামান্য টাকা কোনো ক্ষতিপূরণ হতে পারে না। তাসলিমা বেঁচে থাকলে যে পরিমাণ আয় করতেন তার সঙ্গে অন্যান্য সুবিধা ও পাওনা হিসাব করে ক্ষতিপূরণ দিতে হবে।
সমাবেশে তাসলিমার মা খুরশীদা বলেন, ‘যারা আমার মেয়েকে বাসায় যেতে দেয় নাই এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে নাই, আমি তাদের বিচার চাই।’
মানববন্ধন ও সমাবেশ শেষে শ্রমিকেরা একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।