কাজে বিলম্ব, অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ চরবিশ্বাস কেরামত আলী কলেজের চারতলা একাডেমিক ভবনের নির্মাণকাজ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ চরবিশ্বাস কেরামত আলী কলেজের চারতলা একাডেমিক ভবনের নির্মাণকাজ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের চরবিশ্বাস কেরামত আলী কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের সময়সীমা ১৫ মাস আগে শেষ হয়েছে। কিন্তু নির্মাণকাজ এখনো সম্পন্ন হয়নি। এ ছাড়া ভবন নির্মাণে রয়েছে নানা অনিয়মের অভিযোগ।

কলেজ কর্তৃপক্ষ জানায়, গলাচিপা উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন দ্বীপচর চরবিশ্বাস। চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর ছেলেমেয়েদের উচ্চশিক্ষার জন্য বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা ২০০০ সালে হাজী কেরামত আলী কলেজ প্রতিষ্ঠা করেন। ২০০৫ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। বর্তমানে ৫০০ শিক্ষার্থী, ২০ জন শিক্ষক-শিক্ষিকা ও ছয়জন কর্মচারী রয়েছে। দুটি টিনশেড ঘরে চলছে শিক্ষা কার্যক্রম।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয় সূত্র জানায়, কলেজটির একাডেমিক কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ভবন নির্মাণের বরাদ্দ দেওয়া হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয় থেকে ২০১৩ সালে আগস্ট মাসে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ কলেজের একাডেমিক ভবন হিসেবে চারতলা ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ২৫ আগস্ট স্থানীয় সিয়াম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পেয়ে নির্মাণকাজ শুরু করে। ভবন নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১ কোটি ৭৯ লাখ টাকা। ২০১৬ সালের মে মাসে একাডেমিক ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। এদিকে ভবন নির্মাণকাজের সময়সীমা শেষ হওয়ার পর ১৫ মাস পেরিয়ে গেলেও কাজ হয়েছে শতকরা ৭৫ ভাগ। ভবনের ২৫ ভাগ কাজ এখনো অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।

এদিকে কলেজের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের অধ্যক্ষ মো. আ. জব্বান খান এ বছর ১৩ মার্চ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর একাডেমিক ভবন নির্মাণে অনিয়ম হয়েছে বলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ভবনের কয়েক স্থানে ফাটল দেখা দিয়েছে। অভিযোগে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. আ. জব্বান খান প্রথম আলোকে বলেন, কলেজের ভবন নির্মাণকাজ শেষ না করায় এখন জরাজীর্ণ টিনশেড ঘরে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে। শ্রেণিকক্ষের অভাবে ক্লাসের কার্যক্রম প্রায়ই বাতিল করতে হচ্ছে। তিনি আরও জানান, মেয়েদের জন্য কমন রুম ও পৃথক শৌচাগার নেই। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান সিয়াম এন্টারপ্রাইজের মালিক রেণু আক্তারের সঙ্গে এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আসলে আমার নির্মাণশ্রমিক কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় ভবন নির্মাণে বিলম্ব হয়েছে।’ তবে অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, ‘আসলে ভবন নির্মাণে কোনো রকমের অনিয়ম হয়নি।’

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, কলেজের একাডেমিক ভবন নির্মাণে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত এপ্রিল মাসে ঢাকা থেকে একটি দল সরেজমিন পরিদর্শন করেছেন। এ ছাড়া ভবন নির্মাণের সময়সীমা শেষ হওয়ায় কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠানকে ইতিমধ্যে ১১টি চিঠি দিয়ে কাজটি দ্রুত করার জন্য নির্দেশনা দেওয়া হয়। তিনি আরও জানান, গত মঙ্গলবার তিনি সরেজমিন কলেজের একাডেমিক ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেছেন এবং প্রয়োজনে কার্যাদেশ বাতিল করাসহ ঠিকাদারের বিরুদ্ধে বিধিমতো ব্যবস্থা নেওয়া হবে।