কারখানায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন কুলসুম, কিন্তু আর ফেরেননি। এক সপ্তাহ আগে তাঁর মাথাবিহীন লাশ পেয়েছে স্বজনেরা। পুলিশ বলছে, নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পোশাক কারখানার এই শ্রমিক।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, মাথা না পাওয়ায় নিহত নারীর পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে আঙুলের ছাপ থেকে তাঁর জাতীয় পরিচয়পত্র বের করা হয়।
নিহত কুলসুম থাকতেন মিরপুর ১২ নম্বরের মোল্লার বস্তিতে। গতকাল শনিবার ওই বস্তিতে গিয়ে কুলসুমের ঘরটি তালাবদ্ধ পাওয়া যায়। স্থানীয় ব্যক্তিরা জানান, ১৯ বছর আগে কুলসুম তাঁর মা হনুফা বেগম ও ছোট দুই ভাইয়ের সঙ্গে এই বস্তিতে আসেন। তাঁদের গ্রামের বাড়ি বরিশালের মুলাদিতে। প্রায় ১০ বছর আগে সোহেল নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। প্রথম দু-তিন বছর তাঁদের সংসার ভালোই চলছিল। এরপর একই বস্তির বাসিন্দা এনামুল হকের সঙ্গে বন্ধুত্ব হয়। তাঁর স্বামী বিষয়টি মানতে পারেননি। এ নিয়ে দ্বন্দ্বের পর স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর পোশাক কারখানায় কাজ নেন তিনি। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে।
কুলসুমের মা হনুফা বেগম প্রথম আলোকে বলেন, ২২ মার্চ সকালে কারখানায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন কুলসুম। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ৩০ মার্চ পুলিশের মাধ্যমে তাঁরা কুলসুমের মৃত্যুর বিষয়ে জানতে পারেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক নারী বলেন, কোনো ছেলের সঙ্গে কুলসুমের কথা বলা পছন্দ করতেন না এনামুল। স্থানীয় এক গাড়িচালকের সঙ্গে কথা বলায় কুলসুমকে ব্যাপক মারধর করেন এনামুল। ২১ মার্চ কুলসুম তাঁর মেয়ের চিকিৎসার জন্য স্থানীয় এক যুবকের সঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি হাসপাতালে যান। সেটা নিয়েও এনামুলের সঙ্গে কুলসুমের কথা-কাটাকাটি হয়।
এনামুল একই এলাকার আরেকটি বস্তিতে থাকেন। তাঁর স্ত্রী ও মেয়ে আছে। এনামুলের খোঁজে তাঁর বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে সেখানকার লোকজন জানিয়েছেন, কুলসুম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এলামুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনামুলকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম বলেন, সন্দেহভাজন হিসেবে গতকাল সকালে তাঁকে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত কুলসুমের মাথার সন্ধান পাওয়া যায়নি।