কাটাখালে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌর শহরের কাটাখাল নদীর দুপাশ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে পৌরসভার ভূমি কর্মকর্তা ও থানা-পুলিশের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

পৌর শহরের রেলগেট থেকে শুরু করে বাহিরগোলা হয়ে তেলকুপি পর্যন্ত কাটাখাল নদীর দুপাশে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এই এলাকার খালের দুই পাশে দুই শতাধিক পাকা-আধাপাকা বাড়িঘর ও দোকানপাট রয়েছে। প্রথম দিনে প্রায় ত্রিশটি পাকা-আধাপাকা বাড়ি ও দোকানপাট উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী বলেন, এর আগে নোটিশ দিয়ে সরে যাওয়ার জন্য তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। এর মধ্যে অনেকেই স্থাপনা সরিয়ে নিয়েছে। আবার অনেকেই এখনো সরে না যাওয়ায় শ্রমিক লাগিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। আগামী তিন দিন এই অভিযান চলবে। এর মধ্যে অনেকেই বাড়িঘর, দোকানপাট সরিয়ে নিতে শুরু করেছে।

এর আগে কাটাখাল নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার, অবৈধভাবে খাল দখল করে নিচ্ছে প্রভাবশালীরা—এই শিরোনামে প্রথম আলোর শেষ পাতায় প্রতিবেদন প্রকাশিত হয়।